লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে গত বুধবার গভীর রাতে তিন প্রবাসীর বাড়িসহ চার বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মা-ছেলে গুলিবিদ্ধসহ আটজন আহত হন। ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, সাইচা গ্রামে ওই দিন রাত একটার দিকে ১৫-২০ জনের মুখোশধারী একদল ডাকাত প্রবাসী শাহজাহানের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। একই কায়দায় পার্শ্ববর্তী প্রবাসী ছফিউল্যা, গোলাম মোস্তফা ও ব্যবসায়ী আবদুল মতিনের ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখ টাকা, বেশ কয়েকটি মুঠোফোনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতেরা এসব পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এতে ছয়জন আহত হন। ওই ইউপি চেয়ারম্যান সালেহ আহামঞ্চদ বলেন, ডাকাতির খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয় কলি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৬২) ও তাঁর ছেলে ফয়েজ হোসেনের (২৮) হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পাঠানো হয়।