জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিন প্রশ্নে তদন্ত কর্মকর্তাকে জেরা করার অনুমতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবীরা বলছেন, ট্রাস্ট আইনের ২৩ ধারা অনুসারে ট্রাস্ট বোর্ডের কোনো সম্পত্তির অপব্যবহার হলে বোর্ড অব ট্রাস্টি দায়ী কি না? হলফকারী তদন্ত কর্মকর্তা হলফ করে কী বলেছেন? ২০০৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহারের পর তদন্ত কর্মকর্তা কীভাবে কার্যক্রম চালাচ্ছেন—এই তিন প্রশ্নে খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে নতুন করে জেরা করতে পারবেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা ও মামলার নথি (কেস ডকেট) দেখানোর জন্য খালেদা জিয়ার আইনজীবীরা বিচারিক আদালতে আবেদন করলে ১৭ এপ্রিল তা খারিজ হয়। এর বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে পৃথক দুটি রিভিশন আবেদন করেন। শুনানি নিয়ে ১৫ মে হাইকোর্ট ওই আবেদন দুটি খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ৩১ মে পৃথক লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার দুটি আবেদন ছিল, আপিল বিভাগ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন। আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তাকে ওই তিন প্রশ্নে নতুন করে জেরা করা যাবে। আইন অনুযায়ী আদালতের অনুমতি সাপেক্ষে আবেদনকারীর (খালেদা জিয়া) আইনজীবী মামলার নথি দেখার সুযোগ পাবেন।