তিন প্রার্থী মিলেও পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মিলেও বিএনপি-সমর্থিত প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম ৩৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
স্থানীয় ভোটার ও দলের নেতা-কর্মীরা জানান, প্রার্থী সমর্থনে ভুল সিদ্ধান্ত, অভ্যন্তরীণ কোন্দল এবং দুই ‘বিদ্রোহী’ প্রার্থী থাকার কারণে এমনটি হয়েছে। তৃতীয় দফায় হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এ কে এম শামীম ফেরদৌস। তিনি পেয়েছেন ১৭ হাজার ৪১৫ ভোট। ১২ হাজার ৭২৮ ভোট পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসানের অবস্থান তৃতীয়। আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী জামাল উদ্দিন পেয়েছেন তিন হাজার ২৮০ ভোট। আওয়ামী লীগের এক সমর্থিত ও দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর মোট প্রাপ্ত ভোট বিএনপি-সমর্থিত প্রার্থীর চেয়ে দুই হাজার ১৪১টি কম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বলেন, হরিপুরের ভোটে আওয়ামী লীগ বরাবর ভালো ফল করে। এই উপজেলায় আওয়ামী লীগের কমপক্ষে ৪৫ হাজার ভোট রয়েছে। মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাই না করে সাধারণ এক প্রার্থীকে সমর্থন দেওয়ায় উপজেলা নির্বাচনে এমন ফল হয়েছে। এ ছাড়া একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটাররা প্রার্থীদের ওপর অসন্তুষ্ট হয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে থাকতে পারেন।
দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শুধু দলের সমর্থন পেয়েছেন। কোনো সহযোগিতা পাননি।
আওয়ামী লীগ কর্মী যুগল কুমার বলেন, মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী সমর্থন দিলে ভোটের ফলাফল অন্য রকম হতো। দলের তিন প্রার্থী মিলেও বিএনপির সমান ভোট পাবে না, এটা ভাবতেও কষ্ট হচ্ছে।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জামাল উদ্দিন বলেন, ভোটে এটা প্রমাণিত হয়েছে যে দল যাকে সমর্থন দিয়েছে, তিনি আসলেই কতটুকু জনপ্রিয়।
আওয়ামী লীগের অপর ‘বিদ্রোহী’ প্রার্থী এ কে এম শামীম ফেরদৌস বলেন, ‘দলের ভোটাররা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইলেও ভোটারদের কাছে অগ্রহণযোগ্য এক প্রার্থীকে সমর্থন দিয়ে দলকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, হরিপুরে দলের একক প্রার্থী থাকলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হতেন। দুই ‘বিদ্রোহী’ প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তাঁরা শোনেননি। এ কারণে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মকবুল হোসেন আরও বলেন, প্রার্থী নির্ধারণে কোনো ভুল ছিল না। তৃণমূলের ভোটে জিয়াউল হাসান জয়ী হওয়ায় তাঁকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।