তিন প্রার্থীই সেনা মোতায়েন চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তাঁরা পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।লিখিত বক্তব্যে আমানুর বলেন, উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণ তাঁর ডাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। প্রতিপক্ষ আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা নানা ষড়যন্ত্র করছেন এবং তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন।আমানুর রহমান অভিযোগ করেন, শহিদুল ইসলাম পুলিশ ও প্রশাসন ব্যবহার করে তাঁর সমর্থকদের গ্রেপ্তার ও বাড়ি তল্লাশির নামে হয়রানি করছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিনি সেনা মোতায়েনের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র হাসান আলী মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, নাগরিক কমিটির আহ্বায়ক সাংবাদিক জুলফিকার হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।শহিদুল ইসলাম গত শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনেন। তিনি আমানুরের লোকজনের হাত থেকে দলীয় ভোটারদের রক্ষা ও বহিরাগতদের ঠেকানোর দাবি জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের স্বার্থে তিনি নির্বাচনে বিজিবিসহ সেনা মোতায়েনের দাবি করেন। জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ এ বিষয়ে শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি করছি।’ এই আসনের ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে তিন ভাগে করা হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।আওয়ামী লীগের সাংসদ চিকিৎসক মতিউর রহমানের মৃত্যুতে গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করে। ১৮ নভেম্বর এ নির্বাচন হবে।