গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে গতকাল শুক্রবার সকালে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাঁদের সমর্থকেরা কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ পেয়েছেন মোরগ প্রতীক। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মো. আসাদুল্লাহ বাদল পেয়েছেন দলীয় কাস্তে প্রতীক। সকালে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জেলা প্রশাসনের ভাওয়াল সমেঞ্চলন কক্ষে প্রার্থীদের মধ্যে ওই প্রতীক হস্তান্তর করেন। প্রতীক বরাদ্দ সভায় প্রার্থী আফসার ও আসাদুল্লাহ উপস্থিত থাকলেও সিমিন হোসেন উপস্থিত ছিলেন না। সিমিনের পক্ষে সাইফুল হাকিম মোল্লা নামের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।গণসংযোগ শুরু: প্রার্থী সিমিন হোসেনের নির্বাচন সমন্বয়কারী আমানত হোসেন খান প্রথম আলোকে বলেন, সিমিন হোসেন গতকাল ঢাকায় কাজে ব্যস্ত থাকায় কাপাসিয়ায় আসতে পারেননি। তবে নেতা-কর্মীরা তাঁর জন্য কাপাসিয়ার তরগাঁও, করিহাতা, গিয়াসপুর, টোক, সিংহশ্রীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ গতকাল কাপাসিয়া বাজার, আমরাইদ, টোক ও বারিসাবসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। অপর প্রার্থী আসাদুল্লাহ উপজেলার মিয়ার বাজার, আমরাইদ এলাকায় গণসংযোগ এবং নূরারপুলপার বাজার, পল্লী বাজার ও শালদই এলাকায় তিনটি পথ সভা করেছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন।