তিন প্রার্থীসহ হাজারো বন্দী ভোট দিতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাদাত হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁর জন্য ভোট চেয়েছেন নেতা-কর্মী ও স্বজনেরা। ভোটারদের কাছে তাঁর জন্য ভোট চাওয়া হলেও নিজের ভোটটি দিতে পারবেন না শাহাদাত হোসেন। কারণ গত ৭ নভেম্বর থেকে নাশকতার মামলায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। আদালতে হাজিরা দিতে আসলে গত রোববার পুলিশের উপস্থিতিতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের ভোটটি দিতে পারব না। এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে।’

শাহাদাত ছাড়া আরও দুই প্রার্থী নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে লড়ছেন আ ন ম শামসুল ইসলাম।

নগরের কাট্টলী এলাকার ভোটার আবদুর রহমান। দুই মাস ধরে নাশকতার মামলায় কারাগারে আছেন। আদালতে হাজিরা দিতে এসে গত মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন,‘ভোটার হওয়ার পর দুটি জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি। এবার কারাগারে থাকায় ভোট দিতে পারব না। শত শত বন্দী ভোট দিতে না পারায় জেল সুপারকে ভোট দেওয়ার জন্য সুযোগ দিতে মৌখিকভাবে অনুরোধ করেছেন।’

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক ১০ হাজার ৭৪৫ জন বন্দী ভোটার হলেও ভোট দিতে পারবেন না। এদের মধ্যে ৪ হাজারের বেশি বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। কারা কর্তৃপক্ষ বলছেন, কারাগারে আটক বন্দীদের ভোট গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশন বলছেন, অতীতে কখনো কারাগারে আটক বন্দীদের ভোট নেওয়া হয়নি।

চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানায় গ্রেপ্তার হওয়া আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। কাল রোববারের নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটার রয়েছেন ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭৫ এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন।

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বন্দীরা ভোট দিতে পারবেন কী পারবেন না— তা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে অনেক বন্দী মৌখিকভাবে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে আমাদের কিছুই করার নেই।’

 চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জানান, অতীতে কখনো কারাগারে আটক বন্দীদের ভোট গ্রহণ করা হয়নি। এবারও হবে না। ভবিষ্যতে হয়তো সুযোগ হবে।

কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গতকাল শুক্রবার পর্যন্ত ১০ হাজার ৭৪৫ বন্দী রয়েছেন। এর মধ্যে ৪ হাজারের বেশি বিএনপি–জামায়াতের নেতা-কর্মী। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে ২৩২টি। চট্টগ্রাম-৯ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেনের বিরুদ্ধে পুলিশের খাতায় নাশকতার অভিযোগে ৩০টি মামলা ছিল। একে একে তাঁর নামে যোগ হতে থাকে আরও ১১টি মামলা। পুলিশ সূত্র জানায়, গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ১৪ দিনে শাহাদাতের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১১টি মামলা করে পুলিশ। সব মামলার এজাহার অভিন্ন। শুধু ঘটনার সময় ও তারিখ ভিন্ন। সব কটি মামলায় শাহাদাত জামিন পেলেও সর্বশেষ তাঁকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শাহাদাত ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ নগর ও জেলা কমিটির বেশির ভাগ নেতাই নাশকতার মামলায় কারাবন্দী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গায়েবি’ মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে রেখেছে পুলিশ। প্রার্থীরাও রেহাই পাননি। নির্বাচনে প্রচারণা চালাতে পারেননি তাঁরা। নেতা-কর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষ যাঁরা কারাগারে বন্দী তাঁরাও বিএনপিকে ভোট দিতে পারেন। কিন্তু বন্দীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি।