
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে আরেকটি বিদ্যুৎকেন্দ্রের জন্য তিন ফসলি কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এমন অভিযোগ এনে তা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে কৃষক, নারী, ব্যবসায়ীসহ শত শত মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এলাকার কৃষক প্রতিনিধি আবদুর রশিদ তালুকদার। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী গাজী রাইসুল ইসলাম। তিনি বলেন, ‘তিন ফসলি জমি, ঘনবসতিপূর্ণ এলাকা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কবরসহ তাঁদের শত বছরে পুরোনো বসতভিটা বিভিন্ন সংস্থার নামে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই অধিগ্রহণ করা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়ছে।’
শওকত হোসেন তালুকদার নামের একজন কৃষক বলেন, সরকারের এক শ্রেণির কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিথ্যা প্রতিবেদন দাখিল করে এসব জমি অধিগ্রহণের আওতায় নেওয়ার পাঁয়তারা করেছেন। এ ছাড়া একাধিক বক্তা নতুন করে জমি অধিগ্রহণপ্রক্রিয়া বন্ধের আহ্বান জানান। তা না হলে যেকোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া উত্তর নিশানবাড়িয়া গ্রামের সালেহা বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘হুনছি মোগো জমি-জিরাত ব্যাবাক লইয়া যাইবে। তিনডা ফসল যদি যায়, মোরা বাঁচমু ক্যামনে?’
গন্ডামারি গ্রামের কৃষক সোহেল তালুকদার বলেন, ‘আমরা এর আগেও জমি দিছি। হেই সময় কইছে আর জমি লাগবে না। অ্যাহন আবার নতুন কইর্যা জমি অধিগ্রহণ করতে চায়। মরলে এইহানে বইয়া মরমু। আর কোনো জমি দেওন যাইবে না। ধানখালী ইউনিয়নে ঘুরে-ফিরে কেন একাধিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, আমরা জানতে চাই।’
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) নামের একটি কোম্পানি ধানখালী ইউনিয়নের লোন্দা মৌজা এলাকায় আরেকটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট করার জন্য কাজ শুরু করেছে। এর বাইরেও একাধিক সংস্থার জন্য জমি অধিগ্রহণের চিন্তাভাবনা চলছে। এর আগে একই ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য ১ হাজার ২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে।
আরপিসিএলের প্রকল্প পরিচালক মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘প্রকল্প এলাকার ২৫ একর জমির মধ্যে ক্ষতিগ্রস্ত ৩৪২টি পরিবারের জন্য গৃহনির্মাণ করে দেওয়া হবে। তা ছাড়া এখানে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি সেন্টার, জলাধার, পয়োনিষ্কাশনব্যবস্থাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ জন্য ৯২ কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে একনেকের সভায় তা অনুমোদন করা হয়েছে। এর বাইরে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী জমি, বসতবাড়ি, পুকুর, গাছপালার জন্য দামের তিন গুণ মূল্য পাবেন। তাই আমরা মনে করি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হতাশ হওয়ার কিছু নেই।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, ‘আমরা আরপিসিএলকে ২৫ একর জমি বুঝিয়ে দিয়েছি। সংস্থাটির প্রায় ১ হাজার একর জমি চেয়েছে। বাকি জমি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। এর বাইরে অন্য কোনো সংস্থার জমি অধিগ্রহণ করার বিষয়টি আমার জানা নেই।’