তিন ফসলি জমিতে তৈরি হবে ইট!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে ফসলি জমি নষ্ট করে পুরোদমে ইটভাটা স্থাপনের কাজ চলছে। ফসলি জমি ও পরিবেশ রক্ষার স্বার্থে ইটভাটার কাজ বন্ধের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় লিখিত আবেদন করেছে। কিন্তু প্রভাবশালীরা ইটভাটা নির্মাণে জড়িত থাকায় তা বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে জানা গেছে, ফসলি জমির ওপর ইটভাটা নির্মাণের জন্য অনেক পুরোনো ইট ও বালু ফেলা হয়েছে। চিমনি নির্মাণের কাজ করছে শ্রমিকেরা। প্রায় ১৫ বিঘা জমিজুড়ে ইটভাটার কাজ শুরু হয়েছে। পাশেই আবাদ হচ্ছে আমন ধান। আরও জমি পত্তন নেওয়ার চেষ্টা চলছে। এই ভাটার পাশে ইউনিয়ন পরিষদের সড়কটি ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। গ্রামবাসী জানান, উপজেলার খেরুয়াপাড়া, কেশরীপুর ও নয়াপাড়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফসল উৎপাদন করার জন্য অল্প আয়তনের যে মাঠটি আছে, সেখানে ওই তিন গ্রামের বেশির ভাগ মানুষ ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে থাকেন। এ মাঠে আমন ও বোরো ধান উৎপাদন করার পরও পাট ও সবজি জাতীয় ফসল উৎপাদন হয়। ইটভাটা নির্মাণ হলে এ এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ ঘটবে ও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এলাকার কৃষিতেও বিপর্যয় নেমে আসবে। এ জন্য গ্রামবাসী বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছে। কিন্তু কোনোভাবেই তাঁরা ইটভাটা নির্মাণ বন্ধ করতে পারছেন না।গ্রামের আবিদুর রহমান বলেন, ‘হামরা জমি চাষ কর্যা জীবন চলাই। এটি ভাটা হলে হামাকেরে ফসল উৎপাদন করা আর যাবি না। এটি-ওটি কত কনু, কিন্তু হামাকেরে কতা কেউ শোনে না।’ কৃষক খলিলুর রহমান বলেন, ‘যেখানে ভাটা হচ্ছে, তার পাশেই তাঁদের জমি। অনেকের আয়ের একমাত্র অবলম্বন এসব জমি। ভাটা হলে অনেক মানুষকে পথে বসতে হবে।’খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোরতেজার রহমান, তাঁর ছেলে সুমন আহমেদ, ভবানীপুর গ্রামের মোশাহেব রহমান ও বালুয়া গ্রামের লিটন আহমেদ যৌথভাবে এ ভাটা নির্মাণ করছেন। মোশাহেব রহমান জানান, এলাকাবাসী কোনো অভিযোগ দেয়নি। একটি মহল জনগণকে উসকে দিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিতে বাধ্য করেছে। মোরতেজার রহমান বলেন, ‘আমরা ইটভাটা যাতে না করতে পারি এ জন্য পাশের এক ভাটার মালিক উঠেপড়ে লেগেছে। তিনিই বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। নিয়ম মেনেই আমরা ভাটা করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান গ্রামবাসীর আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ফসলি জমিতে ইটভাটা করার অনুমতি না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সেখানে যাতে ইটভাটা নির্মাণ করা না হয়, তার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ করেছেন।