আবদুল খালেকের দুই ছেলের জমি ছিল পাঁচ বিঘা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ইটভাটা তৈরি করতে তাঁদের দেড় বিঘা জমি অধিগ্রহণ করে। বাকি সাড়ে তিন বিঘা জমিতে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছেন দুই ভাই রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম।
আর বিশারত মণ্ডলরা ছয় ভাই। তাঁদের ওই স্থানে জমি ছিল চার বিঘা। এর মধ্যে দুই বিঘা সওজ অধিগ্রহণ করেছে। বাকি দুই বিঘাও এবার অধিগ্রহণের পথে।
এসব জমির মালিকদের বক্তব্য, তাঁদের এই জমি তিন ফসলি। এই জমিতে চাষাবাদ করেই তাঁরা বেঁচে আছেন। এখন তাঁদের বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের জমি অধিগ্রহণ করা হচ্ছে। এখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর প্রতিষ্ঠা হবে।
কৃষকদের দাবি, এই জমি হাতছাড়া হয়ে গেলে তাঁরা ভূমিহীন হওয়ার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে পথে বসবেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাট-খালিশপুর বাজারের পাশে হাট-খালিশপুর মৌজায় বিজিবির ব্যাটালিয়নের সদর দপ্তর নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। মোট ২৫ একর জমির প্রয়োজন এই সদর দপ্তর নির্মাণের জন্য। ওই স্থানে সওজ বিভাগের ইটভাটার ১১ দশমিক ৭ একর জমি রয়েছে, যা ওই এলাকার কৃষকদের কাছ থেকে ইতিপূর্বে অধিগ্রহণ করা হয়েছে। বাকি প্রায় ১৪ একর জমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। বিজিবির সদর দপ্তরের সিদ্ধান্ত, ওই স্থানে ব্যাটালিয়নের সদর দপ্তর হবে।
স্থানীয় জনপ্রতিনিধি আবদুল খালেক জানান, খালিশপুর বাজার থেকে কিছুটা পূর্ব দিকে বজরাপুর মৌজায় সরকারের সাত একর খাসজমিসহ বেশ কিছু পরিত্যক্ত জমি রয়েছে। সেখানে এই ব্যাটালিয়নের সদর দপ্তর হলে কালীগঞ্জ-জীবননগর হাইওয়ে সড়কের ধারে হবে। সবচেয়ে বড় কথা, কৃষকের তিন ফসলি জমি নষ্ট হতো না।