উদ্বোধনের নয় দিনের মাথায় মাওয়া-কাওরাকান্দি নৌপথের নতুন রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন আবার বিকল হয়ে পড়েছে। নাব্যতা-সংকটের পাশাপাশি নতুন ফেরিসহ তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলমুখী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সূত্রে জানা গেছে, ঈদে মাওয়া-কাওরাকান্দি নৌপথ দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনসহ দুটি ফেরি গত ২৬ আগস্ট উদ্বোধন করা হয়। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও মাদারীপুর-১ আসনের সাংসদ নূর-ই আলম চৌধুরী লিটন উপস্থিত ছিলেন। ফেরিটি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি টাকা। উদ্বোধনের দুই দিন পরই নতুন এ ফেরিটি বিকল হয়ে পড়ে। এক দিন বন্ধের পর চট্টগ্রাম থেকে ফেরিটির নির্মাণকারী প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লিমিটেডের প্রকৌশলীরা এসে ফেরিটি মেরামত করেন। এর মাত্র ছয় দিন পর শনিবার রাত আনুমানিক ১২টায় কাওরাকান্দি ঘাটে এসে ফেরিটি যানবাহন লোড নেওয়ার পর আবারও বিকল হয়ে পড়ে। কাওরাকান্দি ঘাট সূত্রে জানা গেছে, এ নৌপথে ১৩টি ফেরি ছিল। এর মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ তিনটি বিকল। খান জাহান আলী ও শাহ্ মখদুম নামে দুটি ফেরি সম্প্রতি আরিচায় স্থানান্তর করা হয়েছে। এখন এ পথে আটটি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের চাপ ও ফেরি-সংকটের কারণে কাওরাকান্দি ঘাটে এখন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের এখানে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গত রোববার বেলা ১১টায় সরজমিনে দেখা গেছে, যানজটের কারণে বাসযাত্রীরা গাছতলা ও রাস্তার পাশে দোকানে বসে অপেক্ষা করছেন। কুয়াকাটা থেকে আসা শাহনাজ পারভীন, সোনিয়া আক্তারসহ কয়েকজন জানান, তাঁরা ভোর ছয়টার সময় এখানে আসেন। তখন থেকে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি। বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন ফেরির নির্মাতা প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লিমিটেডের কর্মকর্তা এরশাদ বাবুল বলেন, ‘প্রথমবার যে সমস্যাটি ছিল তা ছিল সামান্য। এবারের সমস্যাটা এখনো বোঝা যাচ্ছে না। মেরামত করতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছি। এসে দেখা যাবে।’বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক আ. বাতেন বলেন, দ্রুতগতির এই রো রো ফেরিটি সচল থাকলে কর্মস্থলমুখী যাত্রীরা অনেকটা সহজে পার হতে পারত। কাওরাকান্দি ঘাটে এত চাপ থাকত না।