তিন ফেরিঘাটের একটি বন্ধ আরেকটি ঝুঁকিপূর্ণ
রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাটের মধ্যে একটি ১৬ দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল রোববার নাব্যতা-সংকটের কারণে আরেকটি ঘাট চার ঘণ্টা বন্ধ ছিল। এ ছাড়া অন্য ঘাটের পাশে ড্রেজার থাকায় ফেরি চলছে ঝুঁকি নিয়ে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদীর নাব্যতা দ্রুত হ্রাস পাওয়ায় ফেরিঘাটের পন্টুন এখন পানির মধ্যম স্তরে ভাসমান অবস্থায় আছে। এ কারণে গাড়ি ফেরিতে ওঠার ক্ষেত্রে পন্টুনের সঙ্গে সংযোগ সড়কটি এখন উঁচু স্তর থেকে মধ্যম স্তরে নামানো দরকার। এ কাজ করার জন্য ১ নম্বর ফেরিঘাটটি ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। একই কারণে গতকাল রোববার ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত কাজ করায় ২ নম্বর ঘাটটি চার ঘণ্টা বন্ধ রাখা হয়। ৩ নম্বর ঘাটে পন্টুনের কাছে একটি ড্রেজার রাখায় ফেরিগুলো খুবই ঝুঁকি নিয়ে ঘাটে ভিড়ছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, পানি দ্রুত হ্রাস পাওয়ায় ১ নম্বর ফেরিঘাটে সহজেই ফেরি ভিড়তে পারছিল না। এ কারণে সড়কের সঙ্গে পন্টুনের সংযোগ সড়কটি নিচের দিকে পানির মধ্যম স্তরে নামানোর কাজ চলছে। দু-এক দিনের মধ্যেই ঘাটটি চালু করা সম্ভব হবে।