তিন ফেরির সাঁকো চলাচলে দুর্ভোগ
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী বেইলি সেতু ভেঙে পড়ায় জনগণের পারাপারের জন্য সেখানে তিনটি ফেরি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস ধরে ফেরিগুলো সেখানে বন্ধ অবস্থায় পড়ে আছে। এগুলো দিয়ে সাঁকোর কাজ করা হলেও জনগণের দুর্ভোগ কমেনি।বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে তিন কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর ওপর বথুয়াবাড়ী বেইলি সেতু নির্মাণ করা হয়। নিয়মানুযায়ী এই সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন যানবাহন চলাচলের কথা থাকলেও তা মানা হয়নি। অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণে সেতুর ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় তা ভেঙে পড়ে। ফলে বগুড়ার সঙ্গে বিভিন্ন সড়কে সরাসরি যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। মার্চ মাসে সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু এ ঘাটে মালামাল পরিবহন ও যাত্রীদের যাতায়াতের জন্য বগুড়া ফেরি বিভাগ থেকে তিনটি ফেরি বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরি তিনটি ঘাটে আনার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বথুয়াবাড়ী গ্রামের ইউপি সদস্য বেদার আলী বলেন, পারাপারের জন্য বন্ধ ফেরি তিনটি নদীর মাঝে রেখে দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। এত দিন সেখান দিয়ে পথচারীরা পারাপার হয়েছে। এখন নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপার হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকে নৌকা দিয়ে পারাপার হচ্ছে।বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘জনগণকে পারাপার করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বগুড়া ফেরি বিভাগকে পারাপারের দায়িত্ব দেওয়া হয়েছে।’ বগুড়া ফেরি বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফ আলী বলেন, নদীর দুই পাশে ঘাট না থাকায় ফেরি চালানো যায় না। এ কারণে ফেরি তিনটি নদীর মাঝখানে রেখে দুই ধারে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।