তিন ফোঁটার ‘চিকিৎসা’
মেহগনি-বাগানের মধ্যে সারিবদ্ধভাবে গভীর রাত থেকে অপেক্ষমাণ কয়েক শ রোগী। কথিত কবিরাজ এক স্কুলছাত্রী সকালে এসে ড্রপার দিয়ে সবার মুখে এক ফোঁটা করে ওষুধ দেয়। এরপর দুপুরে, আবার সন্ধ্যায়। সন্ধ্যায় রোগীদের কাছ থেকে চলে টাকা আদায়।এভাবে দেড় বছর ধরে একই ওষুধে সব রোগের কথিত চিকিৎসা দিচ্ছে ওই ছাত্রী। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লায়। স্বপ্নে পাওয়া গাছের পাতার রস দিয়ে সে এভাবে চিকিৎসা করছে বলে দাবি তার বাবার।এলাকাবাসী জানান, এটা চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না। প্রতি বৃহস্পতি ও শুক্রবার এই ওষুধ খাওয়ানো হচ্ছে। দেড় বছরে কোনো রোগী ভালো হয়েছে, এমন কথা তাঁরা শোনেননি।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এ-জাতীয় ওষুধ খাওয়ানোর কারণে যকৃৎ ও বৃক্কের সমস্যা দেখা দিতে পারে।২৫ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, বাড়ির কাছে মেহগনি-বাগানে কয়েক শ নারী-পুরুষ গভীর রাত থেকে সারিবদ্ধভাবে শুয়ে-বসে আছেন। দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। সকালে স্কুলছাত্রী তাঁদের একদফা ওষুধ দিয়েছে, দুপুরে আবার দেবে। এরপর সন্ধ্যায় শেষ দফা।এলাকাবাসী জানান, দিন-রাত খোলা আকাশের নিচে বসে থাকছে এসব মানুষ। সন্ধ্যায় যখন ওষুধ খাওয়ানো হয়, তখন স্কুলছাত্রীর বাবা থলে হাতে এসে টাকা আদায় করেন। প্রতিদিন কয়েক হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা।কোটচাঁদপুরের হরিন্দিয়া গ্রামের শাহ আলম জানান, মানুষের কাছে শুনে টিউমারের চিকিৎসার জন্য তিনি এসেছেন। এর আগেও দুবার এসেছিলেন, এখনো রোগ ভালো হয়নি। প্রতিবার তিনি ১০ টাকা করে দেন বলে জানান। কালীগঞ্জের কোলা গ্রামের মমতাজ বেগম এসেছেন পেটের ব্যথা নিয়ে। তিনিও ১০ টাকা দিয়ে ওষুধ খেয়েছেন, কিন্তু ব্যথা ভালো হয়নি।স্কুলছাত্রীর এক চাচাতো ভাই জানান, তাঁর বোন এবার এসএসসি পরীক্ষা দেবে। এ ব্যাপারে সে জানায়, এটা মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না। স্কুলছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে কথা বলেনি। তার বাবা জানান, তাঁরা জোর করে টাকা নিচ্ছেন না। খুশি হয়ে যে যা দিচ্ছে, তা-ই নিচ্ছেন। অনেকের উপকার হচ্ছে দাবি করে তিনি জানান, মানুষের সেবায় তাঁরা এ কাজ করছেন।