তিন বখাটে যুবকের কারাদণ্ড দুই বখাটেকে জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ায় এক বখাটে যুবককে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করায় নোয়াখালী ও ঢাকার কেরানীগঞ্জে পৃথক মেয়াদে সাজা হয়েছে দুই বখাটে যুবকের। বরিশালে মুচলেকা ও জরিমানার টাকা দিয়ে ছাড়া পেয়েছে আরেক বখাটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে ইভ টিজিং করায় গ্রাম্য সালিসি বৈঠকে দুই বখাটে যুবককে জুতাপেটা করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর: জেলার রাজৈর উপজেলার কাশিমপুর গ্রামের বখাটে যুবক বালাম খন্দকার প্রতিবেশী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। গত ১৩ নভেম্বর ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গতকাল বালামকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল কবীর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে যুবককে তিন বছর কারাদণ্ড দেন। বালাম আদালতের কাছে দোষ স্বীকার করেছে। তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ শূন্যেরচর রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১২) গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার বখাটে যুবক বাবর হোসেন বেবিট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী ট্যাক্সি থেকে লাফ দিয়ে পড়ে আত্মরক্ষা করে। এতে সে গুরুত্বর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি ইউএনও হারুনুর রশীদকে জানানো হলে পুলিশ ওই দিনই বাবরকে আটক করে। ইউএনও রাতেই তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বাবরকে এক বছরের কারাদণ্ড দেন। বাবর আদালতে দোষ স্বীকার করেছে।কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকার ব্রাহ্মণগাঁও উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী (১২) মঙ্গলবার দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তাকে একই এলাকার বখাটে যুবক মো. সাইফুল হাত ধরে টানা-হেঁচড়া করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে সাইফুলকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইউএনও শাহিনা খাতুন গতকাল সকালে থানা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাইফুলকে ছয় মাসের কারাদণ্ড দেন। অভিযোগ রয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করত সাইফুল। এ কারণে ছয় মাস আগে সে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এরপর সাইফুল কিশোরীর বাড়ির সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সাইফুল। গৌরনদী (বরিশাল): আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে একই গ্রামের বখাটে যুবক হাকিম চৌকিদার (২২) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি সে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু এতে সাড়া না দেওয়ায় সে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ ঘটনায় বাধ্য হয়ে স্কুলছাত্রীর বাবা গত সোমবার থানায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার হাকিমকে গ্রেপ্তার করে। এদিন সন্ধ্যায় ইউএনও দীপংকর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাকিমকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। পরে মুচলেকা নিয়ে ও জরিমানার টাকা আদায় করে হাকিমকে ছেড়ে দেওয়া হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল সদর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে স্বল্প নোয়াগাঁও গ্রামের বিল্লাল হোসেন (২০) ও সুমন মিয়া (১৮) নামের দুই বখাটে যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা মঙ্গলবার সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে গতকাল সকালে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে এক সালিসি বৈঠক বসে। বৈঠকে অভিযোগ প্রমাণিত হওয়ায় শতাধিক গ্রামবাসীর সামনে ওই দুই বখাটে যুবককে জুতাপেটা করা হয়।