তিন বছর আগে রোগী ছিল ২০, এখন ৮৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের পুঁতিপাড়া গ্রামের তাসলিমা (২৮) আর্সেনিকোসিসে আক্রান্ত। তাঁর সাত বছরের ছেলে রুবেলও একই রোগে আক্রান্ত। চিকিৎসকেরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও তাদের ভয় কাটছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তিন বছর আগে এই উপজেলায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০। এখন তা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক জরিপে এ তথ্য জানা গেছে।সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিক রয়েছে এমন নলকূপের পানি পান করায় লোকজন এই রোগে আক্রান্ত হচ্ছে। জানা গেছে, শুধু কারপাশা ইউনিয়নেই এই রোগে আক্রান্ত ২২ জন রোগী রয়েছে।এসব রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ১৫টি নলকূপের পানি পান করে। ওই ১৫টি নলকূপের মধ্যে ১৪টিতেই মাত্রাতিরিক্ত আর্সেনিক ধরা পড়েছে।কারপাশা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. মশিউর রহমান ভূঞা ও সিংপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী ইমাম হোসেন বলেন, নলকূপে লাল চিহ্ন দেওয়ার কিছুদিনের মধ্যে রং মুছে যায়। এরপর মানুষ আগের মতোই ওই সব নলকূপের পানি পান করতে শুরু করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুল হক বলেন, নিকলীতে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে কারপাশা ও দামপাড়া ইউনিয়নে আর্সেনিকোসিসের ভয়াবহতা বেশি। তিনি জানান, সরকারিভাবে ওষুধের সরবরাহ না থাকায় এসব রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, এক ইউনিয়নের ২২ জন আর্সেনিকোসিসে আক্রান্ত হওয়ার খবরটি পীড়াদায়ক। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে সহযোগিতা করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।