তিন বছর আগের 'ঝুঁকিপূর্ণ' ভবনে চলছে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে অবস্থিত বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ঝুঁকিপূর্ণ’ ভবনে এখনো পাঠদান চলছে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের উদ্যোগে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বেলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দোতলা ভবন নির্মাণ করা হয়। এ কাজের দায়িত্ব পায় কুলাউড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। পরে হাতবদলের মাধ্যমে কাজটি করান বিএনপির কুলাউড়ার নেতা ও ঠিকাদার শামীম আহমদ চৌধুরী। ২০০৮ সালের ১ জানুয়ারি ওই ভবনের উদ্বোধন হয়। এর কিছুদিন পর থেকেই ভবনটির পশ্চিম অংশ একটু একটু করে দেবে যেতে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে এলজিইডির জুড়ী কার্যালয়ের তৎকালীন প্রকৌশলী রফিকুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এ নিয়ে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নির্মাণের আড়াই বছরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শতাধিক। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনটির পশ্চিমের অংশ প্রায় ১৪ ইঞ্চি দেবে গেছে। এটির দোতলায় পাঠদান চলছে। ভবনটির দেয়ালের কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। পলেস্তারাও খসে পড়েছে।

প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, ওই ভবনের পাশে ২০১০-১১ অর্থবছরে নির্মিত ভবনের দুটি কক্ষের একটিতে শিক্ষকেরা বসেন। অন্যটিতে পঞ্চম শ্রেণীর পাঠদান চলে। স্থানসংকুলান না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করতে হয়।

মুজিবুর রহমান আরও জানান, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার ভবনটি পরিদর্শন করে যান। তবে এটি ব্যবহারের উপযোগী কি না, সে ব্যাপারে তাঁরা কিছু বলে যাননি। সম্প্রতি ঢাকার সাভারে রানা প্লাজা ধসের পর আতঙ্কে শিক্ষার্থীরা কয়েক দিন দোতলায় উঠতে চায়নি। এলজিইডির জুড়ী উপজেলা কার্যালয়ের বর্তমান প্রকৌশলী সাইফুল আজম গত সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। গ্রীষ্মকালীন ছুটির পর সরেজমিনে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’