তিন বছর উপজেলা পর্যায়ে চাকরি করলে পরে চিকিত্সকদের ভালো জায়গায় পদায়ন করা হবে। আজ সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এই আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে গত রোববার স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘আপনি শক্ত কথা বলেন। কিন্তু চিকিত্সকেরা তো গ্রামে থাকেন না।’
ফরাজীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাসিম এই বিবৃতি দেন। তিনি বলেন, বিশ্বব্যাংক বলেছে চিকিত্সকদের ব্যবহারের জন্য যানবাহন দেবে। আমরা ঠিক করেছি চিকিত্সকদের, বিশেষ করে নারী চিকিত্সকদের গাড়ি দেব।
চিকিত্সকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে শনি ও রোববার চিকিত্সকেরা কাজ করেন না। আমাদের এখানে করেন। তাঁদের চাপের মধ্যে কাজ করতে হয়। প্রতিদিন এক-দু শ রোগী দেখতে হয়।’ তিনি বলেন, চিকিত্সকদের গ্রামে থাকতে হবে। তদবিরে বদলি হবে না। অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। গত পাঁচ মাসে ৮১ জন চিকিত্সকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ১১ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৪ জনকে তিরস্কার করা হয়েছে, একজনের বদলি স্থগিত করা হয়েছে। তিনি জানান, এক-দেড় মাসে মধ্যে উপজেলাগুলোতে বিসিএসে উত্তীর্ণ চিকিত্সকদের নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য খাতের অনিয়মের অভিযোগ প্রসঙ্গে নাসিম বলেন, কোথায় অনিয়ম হয় না। যেখানে সমস্যা সেখানেই অনিয়ম হয়।