চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিন বছর ধরে অ্যাম্বুলেন্স নেই। এতে আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে আনা-নেওয়া এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠাতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন রথীন্দ্রনাথ রায় বলেন, দুই মাস আগে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে দুটি অ্যাম্বুলেন্স আছে। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। কিন্তু চালক না থাকার কারণে তিনি অ্যাম্বুলেন্স পাঠাতে পারছেন না। বিষয়টি তিনি স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। ২০১৩ সালের ২৭ নভেম্বর নাশকতাকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটিও পুড়িয়ে দেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে অবস্থিত। হাজীগঞ্জ ও পাশের অন্যান্য উপজেলা থেকে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে আহত অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগে কর্মরত একজন চিকিৎসক বলেন, ‘প্রতিদিন অনেক মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক কুমিল্লা ও ঢাকায় পাঠাতে হয়। তখন তাঁরা অ্যাম্বুলেন্স চান। অ্যাম্বুলেন্স নেই—এ কথা বললে অনেকে গালিগালাজ করেন ও আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, ‘আমরা একাধিকবার একটি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন পাঠিয়েছি। কিন্তু কোনো সদুত্তর পাইনি।’