
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহীনখালী সেতু থেকে কোড়ালিয়া বাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক পাকা করার কাজ তিন বছর ধরে ঝুলে আছে৷ এর মধ্যে মাত্র দেড় কিলোমিটার সড়ক তিন বছরে কার্পেটিং করা হয়েছে৷ বাকি পথে শুধু খোয়া বিছিয়েই ফেলে রাখা হয়েছে৷ এতে ওই সড়ক দিয়ে চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের৷
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০-২০১১ অর্থবছরের শুরুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে তিন কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে রাঙ্গাবালীর গহীনখালী সেতু থেকে কোড়ালিয়া বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণের জন্য দুটি গুচ্ছে (প্যাকেজ) দরপত্র আহ্বান করা হয়৷ কাজটি পায় পটুয়াখালীর কালিকাপুরের ফিরোজ এন্টারপ্রাইজ ও ঢাকার সাজির এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান৷ এক বছরের মধ্যে কাজ শেষ করতে প্রতিষ্ঠান দুটিকে কার্যাদেশ দেওয়া হয়৷
সরেজমিনে দেখা গেছে, কোড়ালিয়া বাজার থেকে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত এক কিলোমিটার সড়কে লাল ইটের খোয়া বিছানো৷ সেখান থেকে মোল্লার বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়েছে৷ এরপর মোল্লার বাজার থেকে গহীনখালী সেতু পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের পুরোটায় খোয়া বিছানো রয়েছে৷
রাঙ্গাবালীর বাহেরচর এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ (৪৯) বলেন, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি৷ সড়কপথে রাঙ্গাবালী থেকে পটুয়াখালী জেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটিই একমাত্র সড়ক৷ সড়কটির বেহালদশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে৷ শুকনো মৌসুমে সড়কে ওড়ে ধুলা-বালি৷ বর্ষা মৌসুমে সড়কের কোথাও থাকে হাঁটুপানি, নয়তো কাদায় একাকার হয়ে যায়৷ তিন বছর ধরে এ অবস্থা চলছে৷
কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মোটরসাইকেলচালক মো. সমীর (২৬) বলেন, ‘২০১০ সাল থেকে এ রাস্তায় খোঁড়াখুঁড়ি করা হচ্ছে৷ রাস্তায় খোয়া ফেলা হয়েছে ২০১১ সালের শুরুতে৷ কিন্তু রাস্তার কাজই শেষ হয় না৷’
ঠিকাদারি প্রতিষ্ঠান সাজির এন্টারপ্রাইজের প্রতিনিধি হিসেবে ওই সড়ক নির্মাণ করছেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনয়নের বাসিন্দা মো. বেনজির বাচ্চু৷ তিনি বলেন, ‘এখানে কাজ করতে গিয়ে মালামালের পরিবহন খরচ হচ্ছে অনেক বেশি৷ এ কাজ শেষ করতে হলে মোটা অঙ্কের লোকসান গুনতে হবে৷ এর পরও আমরা দেড় কিলোমিটার সড়কে কার্পেটিং করেছি৷’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় প্রায় তিন বছর ধরে ওই সড়কের কাজ ঝুলে আছে৷ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করতে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে৷ অনুমতি পাওয়া গেলে নতুন করে দরপত্র আহ্বান করা হবে৷ পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ না করে জনভোগান্তি সৃষ্টি করায় ঠিকাদারদের জরিমানা করা হবে৷ এমনকি ওই দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হতে পারে৷’