স্থানীয় পর্যায়ে শিল্প-সংস্কৃতির উন্নয়নে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের জন্য বরাদ্দ তিন বছর আগে চলে এলেও এখনো শুরু হয়নি নির্মাণকাজ। স্থান নির্ধারণ নিয়ে জটিলতায় ভবনটির নির্মাণকাজ ঝুলে আছে বলে জানা যায়। ফলে আলোকচ্ছটা দূরে থাক, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো অবস্থাও নেই নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির।
এদিকে সংস্কৃতিমনা স্থানীয় সুধীজনদের নিয়ে শিল্পকলা একাডেমির একটি ব্যবস্থাপনা পরিষদ থাকার কথা রয়েছে। কিন্তু এক বছরেরও বেশি সময় আহ্বায়ক (অ্যাডহক) কমিটি দিয়েই চলছে শিল্পকলা একাডেমির কার্যক্রম।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন বাঙ্গাবাড়িয়া এলাকায় ১০ শতক জায়গার ওপর একাডেমির বর্তমান একতলা ভবনটি নির্মিত হয়। মিলনায়তন, অফিসকক্ষসহ ভবনটিতে মোট পাঁচটি কক্ষ রয়েছে। আধুনিক মিলনায়তন, মুক্তমঞ্চসহ আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের জন্য ২০১৩ সালে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। ২০১৩-১৪ অর্থবছরে ৬ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে পাস হয়। ওই সময় শিল্পকলা একাডেমি-সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মুক্তির মাঠে শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণের প্রস্তাব করেন। মাঠের ওই জায়গার প্রকৃত মালিক শহরের সরকারি কেডি স্কুল। শিক্ষা মন্ত্রণালয় জায়গাটির ছাড় না দেওয়ায় তিন বছর ধরে শিল্পকলা একাডেমির ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি। শেষ পর্যন্ত চলতি বছর শিল্পকলা একাডেমি-সংশ্লিষ্ট কর্মকর্তারা একাডেমির নিজস্ব জায়গায় ভবন নির্মাণের প্রস্তাব পাঠান। এরপরও কবে নাগাদ ভবনটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে তা জানা যায়নি।
জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, ‘মুক্তির মোড়ে কেডি স্কুলের জায়গাটি না পেয়ে শেষ পর্যন্ত আমরা শিল্পকলা একাডেমির বর্তমান জায়গাতেই নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাটি পাসও হয়েছে। এখন ভূমি মন্ত্রণালয় জায়গাটির জরিপ সম্পন্ন করলেই গণপূর্ত বিভাগকে ভবন নির্মাণের জন্য জায়গাটি বুঝিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই ভবনের নির্মাণকাজ শুরু হবে।’
এদিকে বর্তমান জরাজীর্ণ ভবনে কক্ষ-সংকটে ধুঁকে ধুঁকে চলছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম। শিল্পকলা একাডেমি ভবনের চারপাশে সীমানাপ্রাচীর ও প্রহরী না থাকায় সন্ধ্যা নামলেই এখানে বসে স্থানীয় মাদকসেবীদের আড্ডা।
সরেজমিনে দেখা যায়, শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুব বেশি হলে ৩০-৪০ জনের স্থান সংকুলান হতে পারে। এ ছাড়া সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়তে দেখা গেছে। কোথাও ভবনের স্যাঁতসেঁতে দেয়ালে জন্মেছে গাছ। এদিকে একাডেমিতে ছয়টি বিভাগে প্রশিক্ষণের জন্য অন্তত ছয়টি কক্ষ থাকার কথা থাকলেও বর্তমানে তিনটি কক্ষেই সেই কাজ চালাতে হয়।
শিল্পকলা একাডেমির সহকারী সাংস্কৃতিক কর্মকর্তা সাবিহা সুলতানা বলেন, ‘আধুনিক ও বড় মিলনায়তন না থাকায় বড় কোনো অনুষ্ঠান করতে চাইলে প্রায় সময়ই বেসরকারি কোনো কমিউনিটি সেন্টারের মিলনায়তন ভাড়া নিতে হয়। এ ছাড়া প্রায় দেড় শ ছেলেমেয়ের প্রশিক্ষণের মতো পর্যাপ্ত কক্ষ না থাকায় অনেক সময় জোড়াতালি দিয়ে কাজ চালাতে হয়। যেখানে একটি বিভাগে চার দিন প্রশিক্ষণ হওয়ার কথা, কক্ষ না থাকায় সেখানে দুই দিন কিংবা এক দিন প্রশিক্ষণ দিয়েই কাজ চালাতে হয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সংস্কৃতিমনা সুধী ব্যক্তিদের নিয়ে গঠিত শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনা পরিষদের তিন বছর মেয়াদি কমিটি গঠিত হয়। গত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৫ সালের নভেম্বরেই। তিন মাসের মধ্যে নতুন কমিটি করার নিয়ম থাকলেও এক বছরেও আর নতুন কমিটি করা হয়নি। এখন আহ্বায়ক কমিটি দিয়েই চলছে একাডেমির কার্যক্রম।
শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, ‘বিগত সময়ে শিল্পকলা একাডেমিতে যে সমস্ত লোক সদস্য হয়েছেন, তাঁদের অনেকেই মুক্তিযুদ্ধ এবং শিল্প-সংস্কৃতি চেতনার বিরোধী। এই সদস্যদের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অনেক সদস্য রয়েছেন, যাঁদের সদস্যপদ বাতিল করতে হবে। প্রকৃত সংস্কৃতিমনা ব্যক্তিদের শিল্পকলা একাডেমির সদস্য করার কাজ চলছে। এ জন্য শিল্পকলা একাডেমির কমিটি করতে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই নতুন কমিটি করা হবে।’