তিন বছর ধরে নষ্ট এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি তিন বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এতে রোগনির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের অসুস্থ শরীর নিয়ে যেতে হচ্ছে রংপুর। ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বর থেকে এক্স-রে যন্ত্রটি অকেজো হয়ে পড়ে রয়েছে। চিকিৎসা নিতে এসে এ কারণে প্রতিদিন ১০-১২ জন রোগী রংপুরে গিয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তির সঙ্গে সঙ্গে অতিরিক্ত টাকাও খরচ করতে হচ্ছে তাঁদের।
গত রোববার উপজেলার চকিদারপাড়া গ্রামের আনারুল হোসেন তাঁর নয় বছর বয়সী সন্তান আলামিন ইসলামকে নিয়ে হাসপাতালে আসেন। ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় চিকিৎসকেরা জানান, শিশুটির পায়ের হাড় এক্স-রে করাতে হবে। কিন্তু হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় পরে আলামিনকে নিয়ে যেতে হয় রংপুরে। এতে তাঁর অতিরিক্ত সময়, বাড়তি টাকা লাগার সঙ্গে সঙ্গে পড়তে হয় ভোগান্তিতে।
জগদীশপুর গ্রামের খায়রুল ইসলাম বলেন, তাঁদের মতো গরিব মানুষদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তিনি এসেছিলেন নিজের বুকের এক্স-রে করাতে। কিন্তু যন্ত্রটি নষ্ট থাকায় ফিরে যেতে হচ্ছে। রংপুরে যাওয়ার মতো টাকা তাঁর নেই।
হাসপাতালের রেডিওগ্রাফার সিরাজুল ইসলাম বলেন, এক্স-রে যন্ত্রটির ১২ ভোল্টের ৩০টি ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তাই এটি চালু করা যাচ্ছে না।
ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, উপজেলায় দেড় লাখ লোকের বসবাস। প্রতিদিন হাসপাতালটিতে অনেক মানুষ চিকিৎসা নিতে ভিড় করে। অথচ এখানকার এক্স-রে যন্ত্রটি বছরের পর বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, এক্স-রে যন্ত্র ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দেওয়া হচ্ছে। সর্বশেষ এক মাস আগেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।