তিন বছর ধরে প্রসূতি অস্ত্রোপচার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় তিন বছর ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে হাওরবেষ্টিত এ উপজেলার প্রসূতিরা কম খরচে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।অথচ প্রসূতি স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক একটি ভবন রয়েছে। ভবনটিতে থাকা কয়েক লাখ টাকার যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটিও সাড়ে তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নয়জন চিকিৎসক থাকার কথা, আছেন সাতজন। ২০০৮ সালের ডিসেম্বরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রসূতি শল্যচিকিৎসক সেলিনা হক বদলি হয়ে অন্যত্র চলে যান। একই সময় বদলি হয়ে যান অবেদনবিদ মোজাম্মেল হোসেন। এর পর থেকে পদ দুটি শূন্য রয়েছে। অথচ প্রসূতি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৮ সালের আগস্টে ১০ শয্যাবিশিষ্ট পৃথক একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। সে বছরের ১০ আগস্ট থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচজন প্রসূতির অস্ত্রোপচার করা হয়। এর পর আর কোনো প্রসূতির অস্ত্রোপচার হয়নি।উপজেলা সদর ইউনিয়নের পাড়া গ্রামের শ্যামল কর্মকার বলেন, ‘১৭ মার্চ আমার স্ত্রীর সিজারের (প্রসূতি অস্ত্রোপচার) জন্য নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। ডাক্তার না থাকায় সিজার করাতে পারি নাই। পরে বাজিতপুর উপজেলার ভাগলপুুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২২ হাজার টাকা খরচ করে সিজার করিয়েছি। আমার টাকা ও সময় দুইটারই অপচয় হইল।’স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, এক্স-রে যন্ত্রটি ২০০৭ সালের ২০ এপ্রিল চালু হয়। ২০০৮ সালের ৮ আগস্ট হঠাৎ বিকল হয়ে পড়ে। ১৯ মার্চ সরেজমিনে দেখা যায়, এক্স-রে যন্ত্রটিতে ধুলাবালি জমে আছে। টেকনেশিয়ান রফিকুল ইসলাম জানান, এটি ঠিক করে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুল হক বলেন, অবেদনবিদ ও প্রসূতি শল্যচিকিৎসকের শূন্য পদে লোক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। এ দুই পদে চিকিৎসক এলে প্রসূতি অস্ত্রোপচার শুরু হবে। আর এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য কয়েক দফা কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। নতুন যন্ত্র চেয়েও পাওয়া যায়নি।