নারায়ণগঞ্জ নগরীর গোদনাইল এলাকার নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস লিমিটেড কারখানা। এর ভেতরে শ্রমিক কলোনিতে জন্ম যমজ বোন ইসরাত জাহান ও নুসরাত জাহানের। জন্মের তিন বছর পার হলেও এ দুই বোন ঘরে বিদ্যুতের আলো দেখেনি।
ইসরাত ও নুসরাতের বাবার নাম মো. আরমান। শুধু তারা নয়, কলোনিতে বসবাসকারী ৪০টি পরিবার প্রায় তিন বছর ধরে বিদ্যুৎহীন রয়েছে। কারখানাটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় সেখানে সংযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।
ওই কলোনির বাসিন্দারা বলেন, ১৯২৩ সালে ব্রিটিশ আমলে কারখানাটি প্রতিষ্ঠিত। বস্ত্র মন্ত্রণালয় ২০০০ সালের ১২ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ৫১০ জনকে শেয়ারহোল্ডার বানিয়ে তাঁদের মধ্যে ৬৮৬টি শেয়ার বিতরণ করে কারখানাটি হস্তান্তর করে। কলোনিটিতে আগে থেকেই বিদ্যুৎ ও পানির সংযোগ ছিল। ২০১৩ সালের ৩১ আগস্ট ডিপিডিসি সেখানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কলোনিটিতে বসবাসকারী শেয়ারহোল্ডাররা ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ডিপিডিসি, নারায়ণগঞ্জ (পূর্ব) অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর কাছে মিটারসহ বিদ্যুৎ-সংযোগের আবেদন করেন। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক সুপারিশ করেন। এরপরও কলোনিটিতে সংযোগ দেওয়া হয়নি।
কারখানাটির শেয়ারহোল্ডার জীবন লাল ও মো. হোসেন জানান, কলোনিতে বসবাসকারী ৩০-৪০ জন শিক্ষার্থী বিদ্যুৎবিহীন অবস্থায় রাতে মোমবাতি ও হারিকেনের আলোয় লেখাপড়া করছে। তারা বার্ষিকসহ সব পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায়ও এ কলোনির কয়েকজন অংশ নেয়। সিটি করপোরেশন এলাকায় থাকার পরও কলোনিটিতে বিদ্যুৎ-সংযোগ নেই। এতে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
ডিপিডিসির দক্ষিণের প্রধান প্রকৌশলী আকরামুল হক বলেন, মিলের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। তাই সংযোগ দেওয়া হয়নি।
কারখানা রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. হোসেন বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উচ্ছেদ করার জন্য রাতের অন্ধকারে অসংখ্যবার হামলা করা হয়েছে। ঘরে আগুন লাগানো হয়েছে।
কলোনির বাসিন্দারা বলেন, ১৯৯৬ সালে কারখানাটি বন্ধ করে দেয় সরকার। শ্রমিক-কর্মচারীদের কল্যাণের স্বার্থে প্রজ্ঞাপন জারি করে তাঁদের মধ্যে বিনা মূল্যে শতভাগ শেয়ার বিতরণ করে কারখানাটির স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা দেওয়া হয়। পরিচালনা পর্ষদ ২০১২ সালে কারখানাটি আবার চালু এবং কলোনির ৩০০ জনকে শেয়ারহোল্ডার করার কথা বলে সাদা কাগজে সই নেয়। তাঁদের জনপ্রতি দুই লাখ পাঁচ হাজার করে টাকা দিয়ে কারখানাটি নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লা নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলে জানানো হয়। এর বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ জুন রিট করা হলে উচ্চ আদালত কারখানার স্থাবর-অস্থাবর সম্পত্তি কোনোভাবে হস্তান্তর করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেন। আদালত জেলা প্রশাসককে সভাপতি করে সব শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০১৩ ও ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেন। সে অনুযায়ী জেলা প্রশাসক ২০১৫ সালের ১১ এপ্রিল তাঁর কার্যালয়ে সাধারণ সভা ডাকলে সন্ত্রাসীরা সেখানে শেয়ারহোল্ডারদের মারধর করে। সভায় জয়নাল আবেদীন মোল্লা ৩৮২টি শেয়ার কেনার দাবি করেন। তবে তিনি এ ব্যাপারে জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদন দেখাতে পারেননি। তাই জেলা প্রশাসক সেদিনের সভা স্থগিত করেন। দুর্নীতি দমন কমিশন চলতি বছরের মার্চ থেকে কারখানার ৭০০ কোটি টাকার সম্পদ ৩৫ কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ তদন্ত করছে।
এ ব্যাপারে কথা বলার জন্য জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও নিট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।