পাঁচ বছরেও শেষ হয়নি আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার বিচার-প্রক্রিয়া। ২০১১ সালের শবে বরাতের রাতে সাভারের আমিনবাজার এলাকায় একটি নির্জন মাঠে এঁদের হত্যা করা হয়েছিল।
ঘটনার দুই বছর পর র্যাব ৬০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলে বিচার শুরু হয়। আগামী ১৯ জুন মামলার পরবর্তী শুনানি।
ওই ঘটনায় যে ছয়জন নিহত হয়েছিলেন, তাঁদের একজন ইব্রাহিম খলিল। বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় হতাশ তাঁর মা বিউটি বেগমের প্রশ্ন: ‘টাকা নাই বলে কি আমরা বিচার পাব না?’
নিহত ইব্রাহিমের স্বজনদের দাবি, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হোক, যাতে মৃত্যুর আগে তাঁরা সন্তান হত্যার বিচার দেখে যেতে পারেন। বিচারে দীর্ঘসূত্রতার কারণ হিসেবে তাঁরা আসামি ও সাক্ষীর দীর্ঘ তালিকাকে দায়ী করেন। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও নিহত ছয় ছাত্রের বন্ধু আল-আমিনের মতে, হত্যাকাণ্ডের সঙ্গে ১৫-১৬ জনের বেশি জড়িত ছিল না।
আল-আমিন বলেন, ২০১১ সালের শবে বরাতের রাতে তিনিসহ সাত বন্ধু দারুস সালাম এলাকার একটি মসজিদে নামাজ পড়তে যান। কয়েক রাকাত নামাজ পড়ে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা মসজিদ থেকে বের হন। পরে রাত ১২টার দিকে বিরিয়ানি খেতে গাবতলীর দিকে যান। কিন্তু বিরিয়ানি না পেয়ে তাঁরা হাঁটতে থাকেন। একপর্যায়ে হাঁটতে হাঁটতে তাঁরা আমিনবাজারের বড়দেশী গ্রামে পৌঁছান।
আল-আমিন বলেন, রাত সোয়া একটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তাঁরা ওই এলাকার একটি কুঁড়েঘরে আশ্রয় নিলে একদল লোক ডাকাত সন্দেহে তাঁদের পিটুনি দেয়। আল-আমিন বলেন, নিজেদের ছাত্র হিসেবে পরিচয় দিলেও পিটুনির হাত থেকে তাঁরা রেহাই পাননি।
এ ঘটনায় ইব্রাহিম ছাড়া নিহত অন্য ছাত্ররা হলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেপল লিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম (১৮), মিরপুর বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান (২০), একই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান (১৬), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির (২০)। ইব্রাহিম মিরপুর বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।