রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) এমফিল গবেষক ইব্রাহিম হোসেনের ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ভর্তির যোগ্যতা’ না থাকার পরও অবৈধভাবে ভর্তির অভিযোগে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে যোগ্যতা না থাকার অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম হোসেন জানান, ভর্তির শর্ত পূরণ করার ফলেই তাঁকে সেই সময় ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। ইব্রাহিম হোসেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক জানান, একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কেবল। অফিশিয়াল প্রসিডিউর মেনে সেটি সিন্ডিকেটে যাবে। এরপর অনুমোদন হলে বিস্তারিত বলা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমফিল ডিগ্রি গ্রহণের জন্য আইবিএসে ভর্তির আবেদন করেন ইব্রাহিম হোসেন। ভর্তির যোগ্যতায় এমবিএতে প্রথম শ্রেণি চাওয়া হলেও তাঁর সিজিপিএ ৩ ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী, সিজিপিএ ৩.২৫ কে প্রথম শ্রেণি ধরা হয়। কিন্তু ওই সময়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্বে থাকা তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের নির্দেশে তাঁকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হয়। এরপর অধ্যাপক শহীদুল্লাহ আইবিএসের পরিচালকের দায়িত্বে থাকার সময় বিষয়টি তাঁর নজরে আসে।
ভর্তি-প্রক্রিয়ার বিষয়ে জানতে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।