তিন বছর পর টের পাওয়া গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম ফিল গবেষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) ভর্তি হয়ে গবেষণা কাজের তিন বছর পার করেছেন ইব্রাহিম হোসেন। কিন্তু তিন বছর পর এসে কর্তৃপক্ষ ‘বুঝতে পেরেছে’ ইব্রাহিমের ‘ভর্তির যোগ্যতা’ ছিল না। ফলে তাঁর ভর্তি বাতিল করা হবে। গতকাল সোমবার রাতে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, ‘বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে কেবল। অফিশিয়াল প্রসিডিওর (নিয়ম) মেনে সেটি সিন্ডিকেটে যাবে। এরপর অনুমোদন হলে বিস্তারিত বলা যাবে।’
ভর্তি বাতিলের সিদ্ধান্ত জানার পর আজ মঙ্গলবার বিকেলে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইব্রাহিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেই সময় ভর্তির শর্তে প্রথম শ্রেণি চাওয়া হয়েছিল। যেহেতু আমার এমবিএতে সিজিপিএ পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছিল তাই ৬০ শতাংশ অর্থাৎ সিজিপিএ-৩ কে প্রথম শ্রেণি বিবেচনা করে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।’ ইব্রাহিম বলেন, ‘ভর্তির সময় যদি কোনো অনিয়ম হয়ে থাকে তবে তা তৎকালীন দায়িত্বে থাকা ব্যক্তিরা করেছেন। ভর্তির অনুমতি দেওয়ায় আমি তিন বছর ছাত্র হিসেবে লেখাপড়া করেছি। এখন আমার গবেষণার শেষ পর্যায়ে এসে এভাবে ভর্তি বাতিল করতে পারে না।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন জানিয়ে ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ের গত প্রশাসন ও বর্তমান প্রশাসনের দ্বন্দ্বের কারণেই এভাবে তাঁর ভর্তি বাতিল করা হচ্ছে।
ইব্রাহিম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমফিল ডিগ্রি গ্রহণের জন্য আইবিএসে ভর্তির আবেদন করেন ইব্রাহিম হোসেন। ভর্তির যোগ্যতায় এমবিএতে প্রথম শ্রেণি চাওয়া হলেও ইব্রাহিমের সিজিপিএ ছিল ৩। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সিজিপিএ ৩ দশমিক ২৫ কে প্রথম শ্রেণি ধরা হয়। কিন্তু ওই সময়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্বে থাকা তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের নির্দেশে ইব্রাহিমকে ভর্তির জন্য যোগ্য বিবেচিত করে ভর্তি করা হয়। এরপর ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক শহীদুল্লাহ। দায়িত্ব পালনকালে তিনি বিষয়টি নজরে এনে বর্তমান উপাচার্যকে অবহিত করেন। এর প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল লতিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন দেওয়ার পর গত সোমবারের একাডেমিক কাউন্সিলের সভায় সেটি উত্থাপন করা হয়। সেখানে সবার সর্বসম্মতিতে ইব্রাহিম হোসেনের ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওই সময় ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের নামে নিন্দা প্রস্তাবও পাশ করা হয়।
ভর্তি প্রক্রিয়ার বিষয়ে জানতে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী নিয়ম মেনে একাডেমিক কমিটির সভায় আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’