তিন বছর পর দেশে ফিরলেন ৩২ নারী
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে পাচার হওয়া এক শিশু ও ৩২ বাংলাদেশি নারীকে তিন বছর পরে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেসরকারি মানবাধিকার সংস্থা রাইটস যশোর-এর তত্ত্বাবধানে ঢাকা আহছানিয়া মিশনের ভেকুটিয়া এলাকার শেল্টার হোমে তাঁদের রাখা হয়েছে। আগামী সোমবার থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ভারতীয় অভিবাসন পুলিশ কর্মকর্তারা যশোরের বেনাপোল বন্দরে গত বুধবার রাতে বাংলাদেশ অভিবাসন পুলিশ কর্মকর্তাদের কাছে তাঁদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসা নারীদের বাড়ি যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকার রূপনগর, সাতক্ষীরা, বান্দরবান, দিনাজপুর, খুলনা, মায়মনসিংহ, পাবনা, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।
ফেরত আনা নারীদের কয়েকজন সাংবাদিকদের জানান, দালালরা ভারতের মুম্বাইয়ে চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে ভারতে নিয়ে যায়। দীর্ঘ তিন বছরের দুর্ভোগ শেষে তাঁরা দেশে ফিরেছেন। দেশে ফিরতে পেরে ভালো লাগছে বলেও জানান তাঁরা।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রথম আলোকে বলেন, ভারতের মুম্বাই শহরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ওই নারীদের পাচার করা হয়। পরে ভারতীয় পুলিশের হাতে তাঁরা আটক হন। সেখান থেকে তাঁদের মুম্বাই শহরে নবজীবন নামে একটি মানবাধিকার সংস্থার শেল্টার হোমে পাঠানো হয়। সেখানেই কেটে যায় তিন বছর। বিনয় কৃষ্ণ জানান, নবজীবন এদের নাম-ঠিকানা ‘রাইটস’ যশোর ও ওয়ার্ল্ডভিশন খুলনায় পাঠায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
রাইটস সূত্রে জানা গেছে, ফিরিয়ে আনা নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার ছয়জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে সবাইকে পরিবারের কাছে পাঠানো হবে।