তিন বছর পর নির্বাচনী এলাকায় মওদুদ, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রায় সোয়া তিন বছর পর গত শুক্রবার তাঁর নির্বাচনী এলাকায় এসেছিলেন। তবে দল কিংবা স্থানীয় লোকজনের খোঁজখবর না নিয়ে অনেকটা নীরবেই চলে যান তিনি। এতে দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে আমিনুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতেই মওদুদ আহমদ বগুড়ায় এসেছিলেন। পারিবারিক ওই অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন উপস্থিত থাকলেও গাবতলী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের দেখা যায়নি। ওই অনুষ্ঠান শেষে মওদুদ আহমদ নশিপুর ইউনিয়নের একটি কাঁচা সড়কে নির্মিত সেতু পরিদর্শন করেন। বিএনপি সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার এই আসনে জয়ী হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে মওদুদ আহমদকে মনোনয়ন দেওয়া হয়। তিনি এর আগে জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে হেরে যান। উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর মওদুদ আহমদ বগুড়ার ‘অতিথি সাংসদ’ হিসেবে পরিচিতি পান।উপনির্বাচনে জয়লাভ করার পর কিছুদিন নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেন মওদুদ আহমদ। তিনি সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে এলাকায় এসেছিলেন। এরপর তিনি আর আসেননি। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতারা বিব্রত হন। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না এসে তিনি আস্থাভাজন নেতাদের দিয়ে টিআর-কাবিখার প্রকল্প বাস্তবায়ন করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভ বাড়ে। এ নিয়ে গত বছরের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।এলাকায় না আসার ব্যাপারে ওই সময় মওদুদ আহমদ দাবি করেছিলেন, কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে নির্বাচনী এলাকায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না।বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উনি (মওদুদ আহমদ) নির্বাচনী এলাকায় এসেছিলেন। এলাকার নেতা-কর্মীরা তাঁর কাছে জানতে চান, “দীর্ঘদিন পর এলাকায় এলেন, আবার কবে আসবেন?” জবাবে মওদুদ সাহেব বলেন, “সাংগঠনিক ব্যস্ততার কারণে এত দিন এলাকায় আসতে পারিনি। এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করব”।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, মওদুদ আহমদ বগুড়ায় আসার খবর সাংগঠনিকভাবে কাউকে জানাননি। এ কারণে দলীয়ভাবে কোনো কর্মসূচিও হাতে নেওয়া যায়নি, প্রচারণাও চালানো যায়নি।