তিন বছর পর ফের যন্ত্রাংশ স্ক্রু কাপলিংয়ের উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারখানার ইস্মিত শপের শ্রমিকেরা তৈরি করছেন কোচ সংযোগ যন্ত্রাংশ স্ক্রু কাপলিং। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
কারখানার ইস্মিত শপের শ্রমিকেরা তৈরি করছেন কোচ সংযোগ যন্ত্রাংশ স্ক্রু কাপলিং। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আবারও শুরু হয়েছে ট্রেনের কোচ সংযোজনের যন্ত্রাংশ স্ক্রু কাপলিংয়ের উৎপাদন। কাঁচামাল সরবরাহের অভাবে তিন বছর আগে কারখানাটিতে স্ক্রু কাপলিংয়ের উৎপাদন বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কারখানা সূত্র জানায়, ট্রেন বহরে একটির সঙ্গে আরেকটি কোচ যুক্ত করতে যে যন্ত্রাংশটি ব্যবহার হয় তার নাম ‘স্ক্রু কাপলিং’। একটি স্ক্রু কাপলিং তৈরি করতে স্টিল, লোহা ইত্যাদি ১৩টি ধাতব উপকরণ দরকার হয়। রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ এসব উপাদান জোগান দিতে পারছিল না। এ অবস্থায় ধীরে ধীরে ২০১৪ সালে এখানে স্ক্রু কাপলিংয়ের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সূত্রটি জানায়, বর্তমানে সৈয়দপুর রেলওয়ে জেলা স্টোর ডিপোতে পর্যাপ্ত কাঁচামাল মজুত রয়েছে। ওই মজুতকে ভিত্তি করে চলতি মাসের ১ তারিখ থেকে কারখানার ইস্মিতি শপে (কামারশাল উপকারখানা) শুরু হয়েছে স্ক্রু কাপলিংয়ের নির্মাণকাজ।
সরেজমিনে গতকাল সোমবার দেখা যায়, কামারশাল উপকারখানায় শ্রমিকেরা স্ক্রু কাপলিং তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন শ্রমিক জানান, এ শপে অন্যান্য যন্ত্রাংশ তৈরির পাশাপাশি স্ক্রু কাপলিং তৈরি করা হচ্ছে। তবে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি জানান তাঁরা।
ইস্মিতি শপের ভারপ্রাপ্ত ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শাহজাহান আলী লোকবল-সংকটের কথা স্বীকার করে বলেন, এ শপে অনুমোদিত লোকবল হচ্ছে ২১৭ জন। কিন্তু আছে মাত্র ৭২ জন। এত কম লোকবল নিয়ে বিপুল কর্মযজ্ঞ পরিচালনা প্রায় অসম্ভব। তবুও অন্যান্য কাজের পাশাপাশি এখানে মাসে কমপক্ষে ১৫টি স্ক্রু কাপলিং তৈরি করা হচ্ছে। বছরে ২৪২টি পর্যন্ত স্ক্রু কাপলিংয়ের চাহিদা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রোডাকশন কন্ট্রোল শাখার উপসহকারী প্রকৌশলী কোরবান আলী বলেন, ‘প্রতিটি স্ক্রু কাপলিংয়ের উৎপাদন ব্যয় প্রায় ১৫ হাজার টাকা। কিন্তু এই যন্ত্রাংশটি বিদেশ থেকে আমদানি করা হলে এর তিন গুণ বেশি খরচ হতো। সে ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি।’ তিনি উৎপাদন স্বাভাবিক রাখতে লোকবল-সংকট দূর হওয়া দরকার বলে জানান।
রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) শাহ সুফী নূর মোহাম্মাদ বলেন, কেবল ইস্মিতি শপই নয়, সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে ২৮টি উপকারখানাতে এখন স্বাভাবিক উৎপাদন হচ্ছে। কাঁচামালের সংকট দূর হওয়ায় উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। তবে কারখানায় লোকবল-সংকটের কথা স্বীকার করেন তিনি।