তিন বছরেরও বেশি সময় পর রাঙামাটি শহরে সংঘটিত সহিংসতার ঘটনার বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাঙামাটির বিচারিক হাকিম জুমু সরকারের আদালতে এ কার্যক্রম শুরু হয়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমার দায়ের করা মামলার মধ্য দিয়ে এ বিচার শুরু হলো। গতকাল মামলার বাদী হিমেল চাকমা এবং সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেফাজতুল বারি, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি উছিংচা রাখাইন কায়েস, এনজিওকর্মী ধীমান খীসা ও শিমুল চাকমা আদালতে সাক্ষ্য দেন।
২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শহরে সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়লে ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন বয়সের দেড় শতাধিক লোক হামলার শিকার হন। এ ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় ভুক্তভোগীরা একাধিক মামলা করেন।
গতকাল মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ভবতোষ দেওয়ান উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার এটাই প্রথম বিচার কার্যক্রম শুরুর ঘটনা।
জেলা প্রশাসন সূত্র জানায়, সহিংসতার ওই ঘটনা তদন্তে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি একই বছরের ১৭ অক্টোবর ১২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে বিভিন্ন স্থানে হামলায় শহরের পুরোনো বাসস্ট্যান্ডের মাতৃমঙ্গল-সংলগ্ন এলাকার ফরহাদ (২৫), মোহাম্মদপুর হ্যাপির মোড়ের হাসান (২৩), জেলা পরিষদ কার্যালয়ের নিচের এলাকার ফরিদুল ইসলাম (৪২), মোহাম্মদপুরের মো. মানিক (২৮), কাঁঠালতলী এলাকার শাহ আলম (৪২), ভেদভেদী পোস্ট অফিস কলোনি এলাকার সাদ্দাম হোসেন (৩০) এবং দক্ষিণ কালিন্দীপুরের প্রগতি চাকমার ছেলে ইমন চাকমার নাম উল্লেখ করা হয়। এ ছাড়া রাজমণিপাড়ার বিদ্যুৎ চাকমা ও একই এলাকার মো. সুলতান গুজবে জড়িত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়।