তিন বছর পর স্বস্তি পেলেন নজরুল
স্বস্তি নিয়ে আজ শনিবার বাড়ি ফিরছেন পটুয়াখালীর বাউফলের কাজী নজরুল ইসলাম। হার্নিয়ার অস্ত্রোপচার থেকে যে সমস্যা তৈরি হয়েছিল, অস্ত্রোপচার করেই তা দূর হয়েছে। মাঝে তিন বছর কষ্ট-যন্ত্রণা সহ্য করতে হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পটুয়াখালী অঞ্চলের এই জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তাকে।
নজরুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘একটু সাহস পাচ্ছি। মনে হচ্ছে এবার সুস্থ হয়ে যাব। তবে চিকিৎসকের ভুলে আমার যে কষ্ট হয়েছে, অর্থ খরচ হয়েছে, তার একটা বিহিত হওয়া দরকার।’
নজরুল ইসলাম চিকিৎসার কাগজপত্রসহ প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন। কাগজপত্রে দেখা যায়, রাজধানীর বিডিএম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তাঁর অস্ত্রোপচার হয় ৭ জানুয়ারি। অস্ত্রোপচার করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এস এম আমজাদ হোসেন। তিন বছর আগে করা অস্ত্রোপচারের জায়গায় আবার অস্ত্রোপচার করে ভেতরে থেকে যাওয়া সুতা বের করে এনেছেন অধ্যাপক আমজাদ।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১২ সালের সেপ্টেম্বরে বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। সেই থেকে এই সুতাগুলো তাঁর শরীরে ছিল। ওই অস্ত্রোপচার করেছিলেন মো. মনিরুল আহসান। অস্ত্রোপচারের কিছুদিন পর থেকে জায়গাটিতে প্রথমে অস্বস্তি হতে থাকে। চিকিৎসক ওষুধ সেবন করতে বলেন। সমস্যা দূর না হয়ে বরং যন্ত্রণা শুরু হয়। চিকিৎসক মনিরুল ওষুধ অব্যাহত রাখতে বলেন। এভাবে প্রায় তিন বছর চলে। এরপর ওই জায়গা থেকে পুঁজ বের হওয়া শুরু হয়। আত্মীয়ের পরামর্শে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, আগের অস্ত্রোপচার করা জায়গায় সুতা থাকার কারণে এই সমস্যা হয়েছে।
এ বিষয়ে চেষ্টা করেও মনিরুল আহসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নিয়মিত অস্ত্রোপচার করেন এমন একাধিক চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় দুই ধরনের সুতা ব্যবহার করা হয়। এক ধরনের সুতা অস্ত্রোপচারের পরবর্তী সময়ে শরীরের সঙ্গে মিশে যায়। অন্যগুলো মেশে না। সর্বশেষ অস্ত্রোপচারের কাগজপত্রে নজরুল ইসলামের শরীর থেকে সুতা অপসারণ করার (রিমুভাল অব এফবি, সচার ম্যাটেরিয়াল) কথা লেখা আছে।
নজরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘প্রথম অস্ত্রোপচারের সময় চিকিৎসক ভুলে ভেতরে সুতা রেখে এসেছিলেন। তার মাসুল আমাকে দিতে হয়েছে। গত তিন বছর আমাকে প্রচুর অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, পাশাপাশি পরীক্ষায় দেখা গেছে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আমার কিডনির ক্ষতি হয়েছে।’
যোগাযোগ করা হলে অধ্যাপক আমজাদ হোসেন সুতা অপসারণ করার কথা প্রথম আলোকে জানিয়েছেন। তবে অন্য কোনো ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক সহিদুল্লা প্রথম আলোকে বলেন, ‘এসব ক্ষেত্রে সতর্কতা খুব জরুরি। অস্ত্রোপচারের আগে সুই, সুতা, গজ, ছোট যন্ত্রপাতির তালিকা তৈরি করতে হয়। অস্ত্রোপচারের পর সেই তালিকা মিলিয়ে দেখতে হয়। তাহলে এই ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে না। তবে এ ক্ষেত্রে চিকিৎসককে সহায়তা করার দায়িত্ব নার্স ও অন্য সহকারীদের।’