রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৪ এবং বিডিএস ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন বছর পর কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে এমবিবিএস ৫০তম ব্যাচ সর্বশেষ এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। শনিবার সকালে এ উপলক্ষে মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। পরে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করা হয়।
সন্ধ্যায় কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘স্ফুরণ’ শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ দায়েম উদ্দিন, কলেজের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, ওবায়দুল্লাহ ইবনে আলী, সহকারী অধ্যাপক আতাউর রহমান, শিক্ষার্থী আমিনুল ইসলাম, তামজীদ উল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী নাহিদ হাসানের রচনা ও পরিচালনায় নাট্যানুষ্ঠান আপেল আমার জান পরিবেশিত হয়। এতে এমবিবিএস ৫৪ এবং বিডিএস ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন। সবশেষে ছিল ব্যান্ড দলের পরিবেশনা।