তিন বছর বিদ্যালয়ে না গিয়েও প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির অভিযোগ ওঠার পর তিন বছর বিদ্যালয়ে যাননি বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক ইসলাম হোসেন। তিনি এবার নিজেই প্রধান শিক্ষক সেজে বেতন-বিল তৈরি করেছেন। টাকাও তুলেছেন। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের প্রকৃত প্রধান শিক্ষক আদালতে মামলা করেছেন।
ইসলাম হোসেনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর গ্রামে।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, ইসলাম হোসেন ২০০২ সালে বিএ পাস করেন। ২০০৩ সালে তিনি লালপুরের শালেশ্বর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। নিয়মানুযায়ী সহকারী প্রধান শিক্ষক হতে হলে সহকারী শিক্ষক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু তাঁর এই পদে কোনো অভিজ্ঞতা ছিল না। ২০১০ সালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন হলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এই বছরের ২৮ সেপ্টেম্বর থেকে আর বিদ্যালয়ে যাননি ইসলাম। বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য ১২ ডিসেম্বর সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবু বিদ্যালয়ে যাননি তিনি। ২০১১ সালের ৭ মার্চ তাঁকে সাময়িক বরখাস্ত ও ১৩ এপ্রিল চূড়ান্তভাবে বরখাস্ত করে ব্যবস্থাপনা কমিটি। ২৫ মাস ধরে ইসলাম হোসেনের বেতন স্থগিত ছিল।
শিক্ষকেরা জানান, গত সেপ্টেম্বর মাসে হঠাৎ প্রধান শিক্ষক সেজে বেতন-বিল তৈরি করেন ইসলাম। বিষয়টি অবগত থাকায় বিদ্যালয় ব্যবস্থাপনা-সংক্রান্ত আহ্বায়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম ওই বিলে সই করেননি। এরপর ইসলাম হোসেন রাজশাহী শিক্ষা বোর্ডে তদবির করে ইউএনওকে বাদ দিয়ে স্থানীয় সাংসদ জাতীয় পার্টির আবু তালহাকে কমিটির আহ্বায়ক করে চিঠি আনেন। সাংসদ তাঁর বিলে সই করলে তিনি ব্যাংকে জমা দিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন তোলেন। তবে এমপিওতে তাঁর নাম সহকারী প্রধান শিক্ষক হিসেবেই রয়েছে।
এই জালিয়াতির অভিযোগে শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক গত ২২ সেপ্টেম্বর ইসলাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২৪ সেপ্টেম্বর আদালত লালপুর থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল আদালতের নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।
এনামুল হক জানান, ইসলাম হোসেন প্রধান শিক্ষকের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য তিনি (এনামুল হক) রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করেছেন। নিয়মানুযায়ী সেই অনুমতিপত্র ডাকযোগে প্রধান শিক্ষকের কাছে আসার কথা। তার আগেই ইসলাম বোর্ডের কর্মচারীদের হাত করে চিঠি হস্তগত করেন। এই চিঠির বলে ইসলাম আহ্বায়ক কমিটি গঠনের চেষ্টা করছেন।
অভিজ্ঞতা না থাকার পরও সহকারী প্রধান শিক্ষক হওয়া এবং তিন বছর বিদ্যালয়ে না গিয়ে কীভাবে প্রধান শিক্ষক দাবি করেন, জানতে চাইলে ইসলাম হোসেন বলেন, ‘এর ব্যাখ্যা আছে। সময়মতো ব্যাখ্যা দেব। আমাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে।’