
খুলনা-তেরোখাদা সড়কে তিন বছর ধরে কোনো সংস্কারকাজ হয়নি। এতে ২১ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব গর্তে অনেক সময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ছে। যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে অহরহ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালে খুলনা-তেরোখাদা সড়কে কিছুটা সংস্কারকাজ হয়েছিল। ২০১২ সালে সড়কটির উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালের মে মাসে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়। ওই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পর থেকে ওই সড়কে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। রূপসা সেনের বাজার থেকে শ্রীফলতলা পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার, আর সেখান থেকে তেরখাদা থানা মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের জন্য চলতি বছর ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত জুলাইয়ে কার্যাদেশও হয়েছে। মোট তিনটি প্যাকেজে ২১ কিলোমিটার সড়কের কাজ হবে। তবে বর্ষা মৌসুমে কাজ পুরোপুরি শুরু হয়নি।
সরেজমিনে দেখা যায়, সড়কটির অনেক স্থান আঁকাবাঁকা ও অপ্রশস্ত। বেশির ভাগ স্থানে পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এর মধ্যে নেবুদিয়া, নলামারা, হাঁড়িখালী, শেখপুরা, আমতলা, ইখড়ি, তেরখাদা বাজার এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। ভারী যানবাহন চলাচল করায় সড়কের ওপরের অংশের ছোট পাথর উঠে এক পাশে জড়ো হয়ে আছে। বেশ কিছু গর্ত ইট দিয়ে ভরাট করা হয়েছে। যানবাহন চলাচলের সময় জমে থাকা কাদাপানি ছিটকে নষ্ট হচ্ছে পথচারীদের পোশাক।
মো. ইব্রাহিম, বেল্লাল হোসেনসহ অন্তত ১০ জন বাস ও ট্রাকচালক বলেন, ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চালাতে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনায় ঘটতে পারে। অনেক সময় পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না। এসব গর্তে গাড়ি আটকে যায়। কোনো কোনো সময় গর্তে পড়ে গাড়ি কাত হয়ে যায়। ২১ কিলোমিটার যেতে ৪০ মিনিটের বেশি লাগার কথা নয়। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়।
তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) রাজিউল আলম বলেন, ‘সড়কটি একেবারে যান চলাচলের অনুপযোগী। তেরখাদা কয়েকটি জেলার সীমান্তবর্তী থানা। সড়কটির কারণে অপরাধী ধরতে ও অপরাধ সংঘটনের এলাকায় দ্রুত পৌঁছাতে কষ্টকর হয়।’
খুলনা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. মামুন কায়সার প্রথম আলোকে বলেন, সড়কটির যেসব অংশ ১২ ফুট প্রশস্ত, সেসব জায়গায় ১৮ ফুট করা হবে। কার্যাদেশ হয়ে গেছে। বৃষ্টির কারণে মূল কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সড়কটির সম্প্রসারণ ও মজবুতকরণ কাজ শেষ হবে। তখন সড়ক নিয়ে তেরখাদাবাসী দুর্ভোগ থাকবে না।’