তিন বছর সময় চায় বিজিএমইএ
কার্যালয় সরাতে তিন বছর সময় চেয়ে আবেদন প্রস্তুত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল বুধবার হলফনামা করে সময়ের এই আবেদনটি প্রস্তুত করা হয়েছে জানিয়ে বিজিএমইএর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, এখন আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।
আবেদনের বিষয়ে ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, বিজিএমইএ দেশের পোশাক রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশীদার। এখান থেকে ইউডি দেওয়া হয়, যা ছাড়া একটি গার্মেন্টস পণ্যও রপ্তানি করা সম্ভব নয়। এই ভবন থেকেই জিএসপি ও সার্টিফিকেট অব অরিজিন ইস্যু করা হয়। এই ভবনে আরব্রিট্রেশন প্রক্রিয়া চলে, ভবনের আরব্রিট্রেশন সেন্টারে বাণিজ্য সালিসও হয়। এ ছাড়া আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন ভবন তৈরি করতে রাজউক ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিতে হবে, যা সময়সাপেক্ষ। এ জন্য কার্যালয় অন্যত্র সরিয়ে নিতে তিন বছর সময় চাওয়া হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএর ১৬তলা ভবন অবিলম্বে ভাঙতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনা চেয়ে বিজিএমইএর করা আবেদন ৫ মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ। সেদিন বিজিএমইএ কার্যালয় অন্যত্র স্থানান্তরে কদিন সময় লাগবে, তা জানিয়ে বৃহস্পতিবারের মধ্যে বিজিএমইএর আইনজীবীকে আবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় গতকাল আবেদনটি প্রস্তুত করা হয় বলে জানান ইমতিয়াজ মইনুল ইসলাম।