‘চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্প’ বাস্তবায়নের মেয়াদকাল ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু গত তিন বছরে এই প্রকল্পের কাজ এগিয়েছে মাত্র ১.২৭ শতাংশ।
প্রকল্পের ধীরগতিতে অসন্তুষ্টি জানিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিশ্বব্যাংক। চলতি বছরের অক্টোবরের মধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দিতে না পারলে প্রকল্পের মেয়াদ না বাড়ানো ও টাকার পরিমাণ কমিয়ে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
ওয়াসা সূত্র জানায়, প্রকল্পের বর্তমান অবস্থায় ঠিকাদারের সঙ্গে চুক্তি হওয়াটাই মূল চ্যালেঞ্জ। আর তা না হলে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এক হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন’ প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১০৫ কোটি বাদে পুরো টাকাই দেবে বিশ্বব্যাংক। প্রকল্পটি মদুনাঘাট প্রকল্প হিসেবে পরিচিত। এটি বাস্তবায়িত হলে প্রতিদিন এখান থেকে নয় কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে ওয়াসা চাহিদার মাত্র ৪২ শতাংশ পানি সরবরাহ করতে পারে।
২০১০ সালে প্রকল্পটি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয় ওয়াসার। আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এটি অনুমোদন পায় ২০১১ সালের ১১ জানুয়ারি। কিন্তু নানা জটিলতা পেরিয়ে শোধনাগার নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ করতেই আড়াই বছর পার করে দেয় ওয়াসা। গত বছরের ১৬ জুন জাপানের এনজেএস কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর গত ১৫ নভেম্বর পাইপলাইন নির্মাণের জন্য পরামর্শক হিসেবে যৌথভাবে নিয়োগ পায় ডেনমার্কের ডিএইচআই ও গ্রোনমিজ। এখন পর্যন্ত এ প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি টাকা ও সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছে ওয়াসা।
সূত্র জানায়, তিন বছরে কাজের গতি খুব ধীর হওয়ায় অসন্তোষ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে বিশ্বব্যাংক। গত ২ জানুয়ারি দেওয়া চিঠিতে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সময় বেঁধে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রারম্ভিক প্রস্তুতি ও নকশা তৈরিতে বিলম্ব হওয়ায় প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ করতে পারলে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হবে। অন্যথায় এ প্রকল্পে পুরো অর্থ সাহায্য দেওয়া সম্ভব হবে না। ধীরগতির কারণে প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন খাত থেকে ১৪ মিলিয়ন ডলার কেটে নেওয়া হয়েছে। তবে চিঠিতে বিলম্বের কারণ হিসেবে নিজেদের দায় কিছুটা স্বীকারও করেছে বিশ্বব্যাংক। চিঠিতে বলা হয়, যথাযথ প্রস্তুতি ছাড়াই তখন প্রকল্পটি হাতে নেওয়া হয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, প্রকল্পের ধীরগতির জন্য চট্টগ্রাম ওয়াসাকে এককভাবে দায়ী করা যাবে না। প্রকল্পের সব অংশীদারেরই কমবেশি দায়ভার রয়েছে। বিশ্বব্যাংকের চিঠিতে ওয়াসার আর্থিক নিরীক্ষা প্রতিবেদন হালনাগাদ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। ওয়াসার কাজের সক্ষমতা, তদারকি ও মূল্যায়নের অভাব আছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
জানা গেছে, বর্তমানে প্রকল্পটির শোধনাগার নির্মাণের জন্য নকশা তৈরির কাজ শেষ। প্রাকযোগ্যতা যাচাই শেষে দরপত্রে অংশগ্রহণের জন্য যোগ্যদেরও তালিকা করা হয়েছে। এ সংক্রান্ত নথিপত্র ইতিমধ্যে বিশ্বব্যাংকের কাছে পাঠিয়েছে ওয়াসা। বিশ্বব্যাংকের অনাপত্তিপত্র পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। যদিও চলতি বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র আহ্বান করতে সময়সীমা বেঁধে দিয়েছিল বিশ্বব্যাংক। আর দরপত্র দাখিল করতে হবে ২ এপ্রিলের মধ্যে। শোধনাগার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দিতে হবে অক্টোবরের মধ্যে। আর পাইপলাইনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হবে ডিসেম্বরের মধ্যে।
প্রকল্প পরিচালক জানে আলম ভূইয়া জানান, মার্চের মধ্যে পাইপলাইনের নকশা তৈরির কাজ শেষ হবে। পয়োনিষ্কাশন ও পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর সমীক্ষা করার জন্য অচিরেই পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, নানা জটিলতায় এর কাজ থমকে ছিল। গত জুন থেকে প্রকৃত অর্থে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম আগেই সেরে ফেলায় এখন খুব দ্রুত প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
জানা গেছে, হালদা নদীকে ঘিরে মদুনাঘাট প্রকল্পটি অনেক পুরোনো। এর আগে ইতালি এ প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখায়। সে অনুযায়ী ২০০১ সালে আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু প্রকল্পের সরঞ্জাম কেনাসংক্রান্ত দরপত্র জটিলতায় অর্থ সাহায্য ফিরিয়ে নেয় ইতালি। এরপর বিশ্বব্যাংক আগ্রহ দেখালে নতুন নামে প্রকল্পটি হাতে নেওয়া হয়।