তিন বছরে অর্ধেক কাজও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণকাজ বন্ধ। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে খাগড়াছড়ির মাইসছড়ির প্রজ্ঞাবংশ শিশুসদনের ভবন l প্রথম আলো
নির্মাণকাজ বন্ধ। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে খাগড়াছড়ির মাইসছড়ির প্রজ্ঞাবংশ শিশুসদনের ভবন l প্রথম আলো

খাগড়াছড়ির মাইসছড়ি প্রজ্ঞাবংশ শিশুসদন ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের জুন মাসে। ভবনটি দোতলা করার কথা রয়েছে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনো অর্ধেক কাজও হয়নি। শুধু তা–ই নয়, এক বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। খাগড়াছড়ি শহর থেকে ১২ কিলোমিটার দূরে শিশুসদনটির অবস্থান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ থেকে উন্নয়নকাজের বরাদ্দ দেওয়া হয় ধাপে ধাপে। সেই হিসাবে প্রজ্ঞাবংশ শিশুসদনের প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়েছিল ১০ লাখ টাকা। এরপর আর বরাদ্দ দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয় প্রতি অর্থবছরে তাদের নতুন করে আবেদন করতে হয় আরও বরাদ্দ পাওয়ার জন্য।

শিশুসদন সূত্র জানায়, বরাদ্দের জন্য কয়েকবার আবেদন করা হলেও জেলা পরিষদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, প্রজ্ঞাবংশ শাক্যমুনি বৌদ্ধ বিহারের পাশে শিশুসদনের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজের অগ্রগতি বলতে কিছু পিলার তোলা হয়েছে। এদিকে নির্মাণকাজ শেষ না হওয়ায় ৬৫ জন শিশু শ্রমণ ও ১০ জন ভিক্ষুর নানা ধরনের অসুবিধা হচ্ছে। রান্নাঘরে গাদাগাদি করে অবস্থান করছে ১৬ থেকে ২০ জন শিশু। অনেক শিশু বিহারের বারান্দায় থাকছে। এ ছাড়া তিনটি শৌচাগারের অবস্থাও জীর্ণশীর্ণ।

প্রজ্ঞাবংশ শিশুসদনের সহকারী পরিচালক ইন্দ্রবংশ ভিক্ষু বলেন, এক বছর ধরে নির্মাণকাজ বন্ধ। ভবনের কাজ শেষ করার জন্য বারবার বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও কোন কারণে নির্মাণকাজ বন্ধ আছে, জানা যায়নি। থাকা পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় প্রায় সময় সদনের শিশুরা রোগাক্রান্ত হচ্ছে।

কাজ বন্ধ কেন জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বরত ঠিকাদার জসিম উদ্দিন বলেন, ‘তহবিলের অভাবে নির্মাণকাজ বন্ধ আছে। তহবিলের অর্থ ছাড়াও আমি নিজের থেকে কিছু কাজ করে দিয়ে এসেছি।’ এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘সামনের অর্থবছরে প্রজ্ঞাবংশ শিশুসদনের অসম্পূর্ণ নির্মাণকাজ শেষ করা হবে বলে আশা করছি।’

শিশুসদনের প্রতিষ্ঠাতা প্রজ্ঞাবংশ মহাথের বলেন, ‘অনেক কষ্ট করে এই শিশুসদন প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০৭ সালে টিনের চালার বেড়ার ঘরে এর কার্যক্রম শুরু হয়। এখানে দূর-দূরান্ত থেকে অনাথ শিশুরা এসে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। কিন্তু থাকার পরিবেশ যদি না থাকে, তাহলে কীভাবে এরা পড়ালেখা চালিয়ে যাবে।’ তিনি নির্মাণকাজ শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন।