তিন বছরে তদন্তই শেষ হলো না
গোপীবাগে বাসায় ঢুকে কথিত এক পীরসহ ছয়জনকে খুনের ঘটনার তদন্ত তিন বছরেও শেষ করতে পারেনি পুলিশ। এই দীর্ঘ সময়ে পুলিশ শুধু এতটুকু নিশ্চিত হয়েছে যে, হত্যাকাণ্ডে নিষিদ্ধ সংগঠন জেএমবি জড়িত ছিল। কিন্তু নৃশংস এই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সম্পর্কে এখনো অন্ধকারে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু তা-ই নয়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কি না, সে ব্যাপারেও তারা কিছু জানতে পারেনি।
২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যার পর গোপীবাগের ৬৪/৬ নম্বর বাড়িতে খুন হন কথিত পীর লুৎফর রহমান, তাঁর ছেলে সারোয়ার ইসলাম, লুৎফরের অনুসারী মঞ্জুর আলম, মো. শাহিন, মো. রাসেল ও মজিবর সরকার। তাঁদের প্রত্যেককেই গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় লুৎফরের ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী গোলাম কবীর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ক্লু-বিহীন এই মামলা প্রথমে থানা-পুলিশ তদন্ত করে। সে সময় এই মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে (জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার) গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। পরে ২০১৫ সালের ৫ অক্টোবর বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির হায়াত খান হত্যা মামলায় গ্রেপ্তার তরিকুল ইসলামের কাছ থেকে ছয় খুন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এরপর ছয় খুন মামলায় তরিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।
কাজী গোলাম কবীর বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে তরিকুল ছয় খুনের সঙ্গে জড়িত হিসেবে পাঁচজনের নাম বলেন। তাঁরা হলেন আবদুল গাফফার, মাহফুজ, রনি, জাহিদ ও আতিক। তরিকুলের দেওয়া তথ্য অনুযায়ী গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গাফফার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন। অন্য চারজনের বিস্তারিত পরিচয় না পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, মাহফুজ, রনি, জাহিদ ও আতিক—এই নামগুলো সাংগঠনিক হতে পারে।
প্রথমে গ্রেপ্তার চারজন সম্পর্কে জানতে চাইলে কাজী গোলাম কবীর বলেন, ওই চারজনের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁরা জামিনে আছেন কি না, কাজী গোলাম কবীর তা-ও জানেন না বলে জানান।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডে ১০ জন অংশ নিয়েছিলেন। মাহফুজ, রনি, জাহিদ ও আতিককে গ্রেপ্তার করার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে এই হত্যাকাণ্ডে কারা কারা অংশ নিয়েছিলেন। তবে হত্যাকাণ্ডটি জেএমবি ঘটিয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।
জানতে চাইলে মামলার বাদী আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘মামলার কোনো অগ্রগতি নেই। যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এখন পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করে না।’