বঙ্গভবনের বাজারের টাকা ছিনতাইয়ের অভিযোগে গত শনিবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে সোহাগ ওরফে সালাম (২৫) নামের একজনকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তিন বছর আগে।
প্রথম দফায় ওয়ারী থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিন নিয়ে পালিয়ে যান সোহাগ। দ্বিতীয় দফায় গত শনিবার গভীর রাতে তাঁকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। থানা-পুলিশ, সিআইডি ও ডিবির হাত ঘুরে মামলাটি এখন এসেছে পিবিআইয়ের হাতে। আগের ওই তিন সংস্থাই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিবিআই।
২০১৪ সালের ২৭ জানুয়ারি দুপুরবেলায় কাপ্তান বাজারে বঙ্গভবনের দৈনন্দিন বাজার করতে গিয়েছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট রিয়াজ হোসেন। বেলা দেড়টার দিকে কাপ্তান বাজারের মুক্তি হোমিও হলের সামনে রিয়াজের পথ আটকে তিন-চারজন ছিনতাইকারী বঙ্গভবনের বাজারের ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পরে রিয়াজের সঙ্গে থাকা আমিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।
গতকাল পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই মামলাটি প্রথমে ওয়ারী থানার পুলিশ, এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে। সর্বশেষ আদালতের স্বতঃপ্রণোদিত আদেশে এর তদন্তভার
পায় পিবিআই। পিবিআইয়ের ঢাকা মহানগর ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সোহাগকে গ্রেপ্তার করে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ওয়ারী থানার পুলিশ মামলাটি তদন্ত করে সোহাগ, মনোয়ার হোসেন ও মো. সুলতান নামের তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করে। পরে তাঁরা আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। সিআইডি মামলাটির তদন্তভার পেয়ে তদন্ত করে শুধু মনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল করে। পরে মামলার বাদী আমিনুল ওই তদন্ত প্রতিবেদনে অসন্তুষ্টি জানিয়ে আদালতে নারাজি আবেদন করলে মামলাটির তদন্তভার পায় ডিবি। সংস্থাটি সোহাগের সঠিক ঠিকানা বের করতে পারেনি। সঠিক ঠিকানা না থাকায় সোহাগকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালতের নির্দেশে পিবিআই তদন্তভার পেয়ে সোহাগকে গ্রেপ্তার করে।
পিবিআই জানায়, গ্রেপ্তার সোহাগের বাড়ি বরগুনা জেলায়। সাত-আট বছর বয়সে অভাবের তাড়নায় তিনি ঢাকায় আসেন। ঢাকায় কোনো আশ্রয় না থাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় তিনি অন্য ভবঘুরেদের সঙ্গে থাকতেন। পরে কয়েকজন সদস্য একত্র হয়ে টার্মিনাল এলাকায় চুরি করতেন। একপর্যায়ে তাঁরা কয়েকজন মিলে সরকারি কর্মচারী হাসপাতালের পেছনের রেলওয়ে কলোনি বস্তিতে একটি ঘর ভাড়া নেন। এ সময় মনির নামে একজনের সঙ্গে তাঁদের সখ্য হয়। ওই মনির তাঁদের ঢাকার যানজটপূর্ণ টার্মিনাল এবং রাস্তার চলমান যানবাহন থেকে মুঠোফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার কৌশল শেখান। ছিনিয়ে আনার কাজটি করতেন মনির ও অন্যরা। ছিনতাই করা মালামাল বিক্রি করা টাকার তিন ভাগের এক ভাগ দেওয়া হতো যিনি ছিনিয়ে এনেছেন তাঁকে। বাকি দুই ভাগের এক ভাগ মনির নিতেন এবং বাকি এক ভাগ অন্য সহায়তাকারীদের মধ্যে ভাগ হতো। কখনো পুলিশের হাতে ধরা পড়লে মনির তাঁদের জামিনের ব্যবস্থা করতেন। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।