
তিন বছরের ব্যবধানে ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর শুধু টাকা বেড়েছে ৩২ গুণ। একই সঙ্গে বেড়েছে তাঁর স্ত্রীর সম্পত্তিও। এ সময়কালে তাঁর স্ত্রী পাঁচটি ফ্ল্যাট ও রামগড়ে ১৫ একর জমির মালিক হয়েছেন।
নির্বাচন কমিশনে নিজাম হাজারীর জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন নিজাম হাজারী। এর তিন বছরের মাথায় তিনি আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
পৌর নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজাম হাজারী নিজের এবং স্ত্রীর নামে থাকা সম্পদের বিবরণ দেন। তাতে দেখা যায়, ওই সময়ে নিজাম হাজারীর নামে ব্যাংকে জমা টাকার পরিমাণ ১০ লাখ আর স্ত্রীর নামে সঞ্চয়পত্র/স্থায়ী আমানত ছিল এক কোটি টাকা। তখন তাঁর কাছে নগদ টাকা ছিল ৫০ হাজার, স্ত্রীর কাছে ছিল ৫০ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, ২০১১ সাল পর্যন্ত নিজাম হাজারী ৫০ শতাংশ কৃষি জমি ও ৫০ শতাংশ অকৃষি জমির মালিক। তখন স্ত্রীর নামে কোনো জমি বা ফ্ল্যাট ছিল না। নিজামের একটি মোটর কার থাকার কথা বলা হলেও দাম উল্লেখ করা হয়নি। স্ত্রীর নামে তখন কোনো গাড়ি ছিল না। তবে স্ত্রীর ১০০ তোলা স্বর্ণালংকার ছিল।
গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে গত ডিসেম্বরে নির্বাচন কমিশনে আবার হলফনামা দেন নিজাম হাজারী। তাতে দেখা যায়, তাঁর আয় বৃদ্ধির তুলনায় সম্পদ অনেক বেশি বেড়েছে। ২০১১ সালে তিনি বাৎসরিক আয় দেখান এক লাখ ৮০ হাজার। ২০১৩ সালে দেখান ২ লাখ ৪১ হাজার ৪৬৮ টাকা। অর্থাৎ তিন বছরের ব্যবধানে সাংসদ নিজাম হাজারীর বাৎসরিক আয় বেড়েছে ৬১ হাজার ৪৬৮ টাকা।
কিন্তু দুই হলফনামা বিশ্লেষণ করে দেখ যায়, তিন বছরের ব্যবধানে নিজাম হাজারীর ব্যাংকে জমা টাকা ১০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৮ লাখ ৪৭ হাজার টাকা। কৃষি জমি বেড়েছে তিন গুণ (১৫০ শতাংশ)। গত ডিসেম্বরে তাঁর কাছে নগদ টাকা ছিল পাঁচ লাখ ৩০ হাজার টাকা, আর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা। আগে স্ত্রীর নামে ব্যাংকে জমা ছিল না, এ ধাপে এসে স্ত্রীর নামে ব্যাংকে জমা দেখানো হয় দুই লাখ টাকা।
সর্বশেষ হলফনামা অনুযায়ী, তিন বছরে নিজামের স্ত্রী পাঁচটি ফ্ল্যাট, ৮ শতাংশ অকৃষি জমি, রামগড়ে ১৫ একর জমি ও ২৭ লাখ টাকার একটি মোটর কারের মালিক হয়েছেন। অবশ্য এ ধাপে স্ত্রীর নামে স্থায়ী আমানত ৫০ লাখ টাকা দেখানো হয়, যা আগে ছিল এক কোটি টাকা। এ ছাড়া, সর্বশেষ হলফনামায় নিজাম হাজারী নিজের ৩০ তোলা এবং স্ত্রীর ১০০ তোলা স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন।
তিন বছরে এত অর্থ-সম্পদ কীভাবে বাড়ল—এ ব্যাপারে ফোনে জানতে চাইলে সাংসদ নিজাম হাজারী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি সিঙ্গাপুরে আছি। দেশে ফিরেই আপনার সঙ্গে বসে আলাপ করব।’
ফেনীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেনীর সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারী আর স্থানীয় রাজনীতিতে টিকতে পারেননি। তাঁরই একসময়ের সহযোগী নিজাম হাজারী এখন সেখানকার আওয়ামী লীগের রাজনীতির সর্বেসর্বায় পরিণত হয়েছেন।