
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ সৌরবিদ্যুৎসহ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অংশ হিসেবে আগামী তিন বছরের মধ্যে পল্লির আরও ৩০ লাখ পরিবার সোলার হোম সিস্টেমের (এসএইচএস) আওতায় আসবে।
গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) দেশে ৩০ লাখ এসএইচএস স্থাপন উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একে অপরের সহযোগিতা ছাড়া কোনো দেশ এককভাবে তাদের জ্বালানির চাহিদা মেটাতে পারবে না। এ জন্য বিদ্যুৎ খাতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা চলছে।
সৌরবিদ্যুতের খুচরা যন্ত্রাংশ আমদানির ওপর কর ও শুল্ক রেয়াতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসএইচএসের দাম কমানোর সরকারি উদ্যোগের কারণে বর্তমানে ২০ ওয়াট এসএইচএস কিনতে মাত্র ১২ হাজার টাকা লাগে। এতে তিনটি লাইট জ্বলে এবং মোবাইল ফোন চার্জ দেওয়া যায়।
দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ইডকলের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বৃহৎ ও মাঝারি অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করতে ১৯৯৭ সালে ইডকল প্রতিষ্ঠা করে। বিগত ১৭ বছরে ইডকল বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনের অর্থায়নে বড় অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস সি এম ঝাট প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ইআরডি সচিব ও ইডকল চেয়ারম্যান মোহাম্মাদ মেজবাহ উদ্দিন।
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাতের ইডকল সৌরবিদ্যুতের সুবিধাভোগী, স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন।