তিন বছরে পাঁচ কোটি টাকার সনদ-বাণিজ্য!
একটি বেসরকারি (এনজিও) সংস্থার কার্যালয়ে সাইনবোর্ড ঝুলিয়ে ছুটির দিনে অনিয়মিতভাবে ক্লাস নেওয়া হয়। পাশে কিন্ডারগার্টেনের ছুটির সময়ে সেরে নেওয়া হয় পরীক্ষা। এভাবেই তিন বছর ধরে চলছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর ক্যাম্পাসের অবৈধ কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিন বছরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে কমপক্ষে পাঁচ কোটি টাকা।প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সেই প্রতিষ্ঠানের পক্ষে সনদ ইস্যুর বৈধতা কতটুকু—এ প্রশ্নের জবাবে মেহেরপুর শাখার সমন্বয়কারী ফজলুল হক বলেন, ‘এই প্রতিষ্ঠানের বৈধ মালিক কে, তা সুরাহা হয়নি। তাই সনদের বৈধতার বিষয়টি বিতর্কিত। হাইকোর্টের রিটের একটি আদেশপত্র দেখিয়ে ছাত্র-ভর্তি করছি, সনদ দিচ্ছি। রায় বিপক্ষে গেলে কার্যক্রম বন্ধ করে দেব। ছাত্রদের মনের সন্দেহ দূর করতে ও ক্যাম্পাস রক্ষায় মাঝেমধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এনে পুরস্কৃত করতে হয়।’সরেজমিনে দেখা যায়, মেহেরপুর শহরের টিঅ্যান্ডটি কার্যালয়ের পাশে তিনতলা একটি ভবনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অবৈধ মেহেরপুর ক্যাম্পাসের সাইনবোর্ড। ভবনের দুটি কক্ষে ছুটির দিনে অনিয়মিতভাবে ক্লাস হয়। ১০০ গজ দক্ষিণে কিডস নামে শিশুদের একটি স্কুলে নেওয়া হয় পরীক্ষা। অথচ প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী একটি শাখা ক্যাম্পাসের নিজস্ব ভবন থাকা বাধ্যতামূলক। এ প্রশ্নে সমন্বয়কারী ফজলুল হক জানান, এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও বৈধতা নিয়ে সংবাদপত্রে বেশি লেখালেখি হওয়ায় তাঁরা নিজস্ব ক্যাম্পাস করতে পারেননি।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই শাখায় ইংরেজি ও ইসলামিক শিক্ষায় স্নাতকোত্তর ছাড়াও বিএড, এমএড, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এলএলবি পাস ও অনার্স কোর্সে ছাত্র ভর্তি করা হয়। ২০০৭ সাল থেকে শুরু হয় পূর্ণাঙ্গ কার্যক্রম। এলএলবি অনার্স কোর্সে ৯৮ এবং পাস কোর্সে ৪৮ হাজার টাকা ছাড়া অন্যান্য বিভাগে গড়ে ৩৫ হাজার করে টাকা নেওয়া হয়। এই ক্যাম্পাস থেকে এবার সাতটি বিভাগে প্রায় চার হাজার ছাত্র পরীক্ষা দিচ্ছেন। এই হিসাবে গত তিন বছরে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে কমপক্ষে পাঁচ কোটি টাকা। চাকরিজীবী, শিক্ষক ও শিক্ষিত বেকাররা উচ্চতর ডিগ্রি নিয়ে পেশার মান উন্নয়নের লক্ষ্যে এখানে ভর্তি হচ্ছেন। কিন্তু সনদের বৈধতা ও মানদণ্ড নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, এখানে পাঠদান হয় না। অর্থের বিনিময়ে সনদ-বাণিজ্য করে প্রতিষ্ঠানটি শিক্ষাকে পণ্য করেছে।লাইব্রেরি সায়েন্স বিষয়ে সনদ নেওয়া আবদুল মান্নান জানান, চাকরির জন্য সনদ নিতে তাঁর ৩৫ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু সনদের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি চিন্তিত। চলতি শিক্ষা বর্ষের আইনের ছাত্র তবিরুল হক জানান, ৪৮ থেকে ৯৮ হাজার টাকা কোর্স ফি দিয়ে এখানে প্রায় ২০০ জন ছাত্র সনদ কিনতে ভর্তি হয়েছেন। পরে বার কাউন্সিল পরীক্ষায় এই সনদ অগ্রহণযোগ্য হলে তাঁরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, কোনো বিভাগেই স্থায়ী শিক্ষক নেই। পাঠদানে অযোগ্য ব্যক্তিদের দিয়ে অনিয়মিতভাবে ক্লাস করানো হয়। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হক জানান, অনেকে ভর্তির পর পুরো ফি দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের ১৭ লাখ টাকা বকেয়া পড়েছে। তাই নিয়ম মানা যায় না। সনদ বৈধ কি না, তা আদালতের বিচার্য বিষয়। অবৈধ শাখা প্রশ্নে মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, তিনি না জেনেই মেহেরপুর দারুল ইহসান ক্যাম্পাস পরিদর্শনে গেছেন। এটা অবৈধ তা জানতেন না। এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা পেলে তিনি অবৈধ এই শাখা বন্ধে ব্যবস্থা নেবেন।