তিন বছরে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে বিদ্যুতের অধিকাংশ গ্রাহককে
বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের অধিকাংশ বিদ্যুৎ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। দেশের কয়েকটি অঞ্চলে ৩৫ হাজার প্রিপেইড ই-মিটার স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।গত বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও কনসোর্টিয়াম অব আইডিয়াল এন্টারপ্রাইজের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পিডিবির সচিব আজিজুল ইসলাম ও আইডিয়াল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এ কে সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী আইডিয়াল এন্টারপ্রাইজ মিটারের ডিজাইন, উৎপাদন, সরবরাহ, স্থাপন ও চালু করার জন্য প্রয়োজনীয় সব কাজ করবে। এই মিটার শুধু প্রিপেইড হবে না, এর মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ ও পদ্ধতিগত লোকসান কমানো যাবে। প্রায় ৪৮ কোটি ৫৭ লাখ টাকার এই প্রকল্পের ৩৫ হাজার প্রিপেইড ই-মিটারের মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মগবাজার ও মোহাম্মদপুর এলাকায় লাগানো হবে ১০ হাজার। ডেসকোর মিরপুর এলাকায় লাগানো হবে ১০ হাজার। পিডিবির টাঙ্গাইল এলাকায় লাগানো হবে পাঁচ হাজার। আরইবির সাভার এলাকায় পাঁচ হাজার ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) খুলনা এলাকায় পাঁচ হাজার মিটার লাগানো হবে।অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, অতীতেও প্রিপেইড মিটার লাগানো হয়েছিল। প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকসংখ্যা প্রায় ৪৫ হাজার। এগুলো লাগানো হয়েছিল পরীক্ষামূলকভাবে। তবে এবারের মিটারটি আর পরীক্ষামূলক নয়, ভবিষ্যতেও এই মিটারই সারা দেশে ব্যবহার করা হবে। মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী ছাড়া সব গ্রাহককেই এই প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয়, পিডিবি, ডিপিসিডি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।