তিন বছরে বাড়তি গ্রাহক ৯ হাজার, সরবরাহ ‘ঐ’
রাজশাহীর বাগমারায় গত তিন বছরে বিদ্যুতের প্রায় নয় হাজার গ্রাহক বেড়েছে। ওই অনুপাতে বাড়েনি সরবরাহ। আগের সেই তিন থেকে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎই পাচ্ছেন বাগমারার গ্রাহকেরা। এতে লোডশেডিং আগের চেয়ে আরও বেড়েছে।মাধাইমুড়ি গ্রামের কৃষক আবদুল জব্বার জানান, ‘খেতের ধান পুড়ে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়া যাচ্ছে না। লাউপাড়ার গৃহিণী মেরিনা পারভীন জানান, বিদ্যুতের আসা-যাওয়ায় ছেলেমেয়ের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সন্ধ্যার পর তো বিদ্যুৎ পাওয়াই যায় না। বিদ্যুৎ যখন আসে, ততক্ষণে বাচ্চারা ঘুমিয়ে পড়ে।’এদিকে বিদ্যুতের গ্রাহক বাড়ায় লাভবান হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। তারা গ্রাহকদের কাছ থেকে বাড়তি সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাবদ ১০ টাকা করে মোট ৩০ টাকা আদায় করছে। এতে প্রতি মাসে অতিরিক্ত প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা পাচ্ছে সমিতি।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বছর তিনেক আগে বাগমারায় বিদ্যুতের গ্রাহক ছিলেন ১৯ হাজার ৯৫৫ জন। এর মধ্যে আবাসিকে ১৬ হাজার ২৫৩টি, অনাবাসিকে ৭৭১, বাণিজ্যিকে দুই হাজার সাতটি এবং সেচপাম্পে ৭২৪টি সংযোগ ছিল। বিদ্যুতের চাহিদা ছিল ১২-১৪ মেগাওয়াট। পাওয়া যেত তিন থেকে পাঁচ মেগাওয়াট। বর্তমানে গ্রাহক বেড়ে ২৮ হাজার ৬৮৮-তে (চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত) দাঁড়িয়েছে। এর মধ্যে আবাসিকে ২৪ হাজার ৩৭৩টি, অনাবাসিকে ৯২২, বাণিজ্যিকে দুই হাজার ৪৯৯ এবং সেচপাম্পে ৮৯৪টি সংযোগ রয়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৮-২০ মেগাওয়াট। অথচ বিদ্যুৎ প্রায় আগের মতোই পাওয়া যাচ্ছে। তবে মাঝেমধ্যে ৬ মেগাওয়াট পাওয়া যায় বলে দাবি করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার আঞ্চলিক ব্যবস্থাপক।গভীর নলকূপের পরিচালক আবুল কাশেম জানান, তিন বছর আগে যে লোডশেডিং ছিল, এবার তা আরও বেড়েছে। ভরা মৌসুমে সেটা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন তিনি। বিদ্যুৎ না বাড়িয়ে সংযোগ বাড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।গত ১২ মার্চ সকালে উপজেলা পরিষদে গিয়ে বিদ্যুৎ বিড়ম্বনার ভিন্ন এক চিত্র দেখা গেল। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শহিদুল ইসলাম পুরোনো একটি টাইপ রাইটারে খটাখট আওয়াজ তুলে লিখে চলেছেন। কম্পিউটার ছেড়ে হঠাৎ এই টাইপ রাইটার কেন জানতে চাইলে তিনি বলেন, কম্পিউটারেই দাপ্তরিক কাজ চালিয়ে আসছিলেন। এ জন্য পুরোনো টাইপ রাইটারটি উঠিয়ে রেখেছিলেন। লোডশেডিংয়ের কারণে কম্পিউটারে কাজ করতে পারছেন না। হঠাৎ জরুরি প্রয়োজনে একটি চিঠি লিখতে গিয়ে মেশিনটি বের করতে হলো।বিদ্যুৎ সরবরাহ না বাড়িয়ে গ্রাহক বাড়ানোর কথা স্বীকার করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক দপ্তরের ব্যবস্থাপক একরামুল হক প্রথম আলোকে বলেন, যে পরিমাণ চাহিদা রয়েছে, সে পরিমাণ বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে।