তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত প্রায় আট হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনায় ২০০৯ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সারা দেশে সাত হাজার ৭৪৪ জন নিহত হয়েছে। এই সময়ে দুর্ঘটনা হয়েছে প্রায় সাড়ে আট হাজার।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে গতকাল রোববার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান।আমিনা আহমেদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটিএর আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিচারের সম্মুখীন করা হবে। তিনি বলেন, বিআরটিএর আত্মস্বীকৃত সাত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে পাঁচজনকে পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বিআরটিএর সদর কার্যলয়ে সংযুক্ত করা হয়েছে। অন্য দুজন কর্মকর্তাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সদর কার্যালয়ে যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এদের সবার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সওজ অধিদপ্তরের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু করা হয়েছে। আবুল হোসেন জানান, সড়কব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার অভাব নেই। অর্থের সীমাবদ্ধতা আছে। কিন্তু এ সম্পর্কে দেশবাসী, এমনকি সাংসদদের মধ্যে পর্যন্ত ভুল ধারণা রয়েছে। জাতীয় পার্টির এম হাফিজ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরে পুনর্মূল্যায়িত বাজেট প্রণয়নের সময় যোগাযোগ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে (সংসদে) পরিকল্পনামন্ত্রীও আছেন। আমি তাঁকে সামনে রেখেই বলতে চাই, বাজেট পুনর্মূল্যায়নের সময় যোগাযোগ খাতকেও বিদ্যুৎ খাতের মতো অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে অন্য মন্ত্রণালয় থেকে কেটে যোগাযোগ মন্ত্রণালয়কে বরাদ্দ দিতে হবে।’