
দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় গত তিন বছরে ১৫ হাজার ৭২৯ জন নিহত ও ২২ হাজার ১৯২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই আবার চিরতরে পঙ্গু হয়েছেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নামক সংগঠন থেকে প্রকাশিত নিরাপদ নামের একটি স্মরণিকায় এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে নিসচা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথভাবে আয়োজিত এক মহাসমাবেশে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
স্মরণিকার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। কিন্তু সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্যান্য দেশের সঙ্গে এ সংখ্যা তুলনাযোগ্য নয়। সড়ক দুর্ঘটনা হঠাৎ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না হলেও এটি নিয়ন্ত্রণযোগ্য। এ জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিকতার পাশাপাশি কঠোর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন সমীক্ষা ও গবেষণায় আসা সড়ক দুর্ঘটনার কারণগুলো বিবেচনায় নিয়ে তা নির্মূলে যথাযথ কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। চালক-যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষিত ও প্রশিক্ষিত চালক তৈরিতে ভূমিকা রাখতে হবে।
নিরাপদের তথ্য অনুযায়ী, সারা দেশে ২০১৪ সালে ২ হাজার ৭১৩টি দুর্ঘটনা ঘটেছে। পরের বছর দুর্ঘটনার সংখ্যা ৮৭টি কমে হয়েছে ২ হাজার ৬২৬টি। গত বছর (২০১৬) ২ হাজার ৬২৬টি থেকে আরও ৩১০টি কমে দুর্ঘটনার সংখ্যা হয়েছে ২ হাজার ৩১৬। ২০১৪ সালের তুলনায় পরের দুই বছর দুর্ঘটনার সংখ্যা গড়ে ৭ দশমিক ৫১ শতাংশ হারে কমেছে। ছয়টি জাতীয় দৈনিক ও নিসচার কর্মী-সংগঠকদের কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরের মাধ্যমে নিসচা দুর্ঘটনা ও হতাহতের তথ্য সংগ্রহ করেছে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার সংখ্যা কমলেও এটি সহনীয় পর্যায়ে না আসার পেছনে সচেতনতা ও ট্রাফিক আইন না মানার প্রবণতা অনেকাংশে দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। গতকালের মহাসমাবেশের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রতি জোর দেন। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবি দলমত-নির্বিশেষে সবার। এখানে বিভেদের সুযোগ নেই। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানান।
সমাবেশে মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, ‘আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, যারা আইন বা নিয়ম মানি না। সমস্যার সমাধান না করে আমরা একে অন্যকে দোষারোপ করি, সমাধানে এগিয়ে আসি না।’ তিনি বলেন, তাঁর ছেলে ঘর থেকে বের হলে তিনি সারাক্ষণ এই আতঙ্কে থাকেন যে, ছেলে নিরাপদে বাসায় ফিরবে কি না।
২০১১ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর মারা যান। তাঁর মতোই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২০১৪ সালে ৬ হাজার ৫৮২ জন, ২০১৫ সালে ৫ হাজার ৩ জন ও গত বছর ৪ হাজার ১৪৪ জন মারা গেছেন। ওই তিন বছরে আহত হয়েছেন যথাক্রমে ১০ হাজার ৭৭০ জন, ৬ হাজার ১৯৭ জন এবং ৫ হাজার ২২৫ জন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান আইনের দুর্বলতার কারণে এসব দুর্ঘটনার মধ্যে অধিকাংশেরই বিচার হয়নি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ২৪ বছর থেকে নিসচা চিৎকার করছে, আইন তৈরি কর, শক্ত আইন বানাও। ২০১২ সালে আইনের খসড়া তৈরি হয়েছে। কিন্তু চার বছর পরও এর বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ২৪ বছরে একটি দুর্ঘটনা ছাড়া অন্য কোনো দুর্ঘটনার জন্য দোষীরা শাস্তি পাননি। দুর্ঘটনা হ্রাসে তিনি চালকদের প্রশিক্ষণের জোর দেন।
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগান সামনে রেখে সপ্তমবারের মতো আয়োজিত গতকালের মহাসমাবেশে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রাজনৈতিক ইশতেহারে নিরাপদ সড়কের দাবি অন্তর্ভুক্তির আহ্বান জানান। নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামালের সভাপতিত্বে মহাসমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুর ইসলাম, নিসচার মহাসচিব শামীম আলম দীপেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।