তিন বছরে ১৮ জন শিক্ষক ও সাংবাদিককে লাঞ্ছনা, মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে বেশ কয়েকজন শিক্ষক ও সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ১২ জন শিক্ষক ও ছয়জন সাংবাদিককে অপদস্থ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মারধর এবং অপর দুজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়। গত বছর থেকে ক্যাম্পাসে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও গত শনিবার এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হন। এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে।এ ঘটনার তিন দিন আগে ৩০ ডিসেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এমদাদ হোসেনের মারধরে গুরুতর আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডল। নবীন শিক্ষার্থীর কাছে ছাত্রলীগের নেতার চাঁদার দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এমদাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানালেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।গত বছর নাট্যকলা ও সংগীত বিভাগে শ্রেণীকক্ষে উপস্থিতি কম থাকায় একজন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার অনুমতি না পাওয়াকে কেন্দ্র করে পরীক্ষার হলে একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ঢুকে কর্তব্যরত কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। কর্তব্যরত শিক্ষকদের উপস্থিতিতেই তাঁরা পরীক্ষার্থীদের খাতা ছিঁড়ে ফেলেন। বাধ্য হয়ে শিক্ষকেরা সেদিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের আজ পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালের শুরুতেই জাসদ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ হবিবুর রহমান হলের তত্কালীন প্রাধ্যক্ষ সাইফুল ইসলাম ফারুকীর কাছে বেশ কয়েকটি সিট বরাদ্দ চান। বিধিবহির্ভূতভাবে সিট দিতে অস্বীকৃতি জানালে তাঁরা প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করাসহ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। সাইফুল ইসলাম ফারুকী জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গত বছরের ১৫ জানুয়ারি ছাত্রলীগের কর্মীদের হামলার হাত থেকে ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুজ্জামান হীরাকে রক্ষায় ওই বিভাগের শিক্ষক শহিদুর রহমান, আকতার হোসেন ও জাহাঙ্গীর হোসেন এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তিনজন শিক্ষককে গালিগালাজ করেন। ফোকলোর বিভাগের শিক্ষকেরা জানান, এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ৫৪৪ জন কর্মচারীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। চাকরি স্থায়ী করার দাবিতে এসব কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, সাবেক সহ-উপাচার্য মামনুনুল কেরামতসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের অবরুদ্ধ ও লাঞ্ছিত করেন।বিগত জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নাট্যকার মলয় ভৌমিকসহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে ক্যাম্পাসে অনুশীলন নাট্যদলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় ছাত্রদলের সাংস্কৃতিক সংগঠন জাসাসের তত্কালীন নেতা-কর্মীরা ওই অনুষ্ঠানে অতর্কিত হামলা চালান। সেখানে উপস্থিত শিক্ষকদের তাঁরা গালিগালাজ ও লাঞ্ছিত করেন।গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রলীগের কর্মীদের হাতে বিভিন্ন পত্রিকার ছয়জন সাংবাদিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁরা হলেন আবদুল্লাহ ইকবাল, জোহায়ের ইবনে কালিম, আকন্দ মোহাম্মদ জাহিদ, সালাউদ্দিন সুমন, মেহেরুল হাসান ও সায়েম সাবু।আরাফাত কবির, শহিদুল ইসলাম, সায়েম সাবু, তুহিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বলেন, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা বারবার ঘটতে থাকলে শিক্ষকেরা পাঠদানে মনোযোগ দিতে পারবেন না। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। ক্যাম্পাসে শিক্ষক ও সাংবাদিকদের লাঞ্ছিত ও মারধর করার ঘটনা প্রসঙ্গে প্রগতিশীল শিক্ষকসমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মলয় ভৌমিক বলেন, শিক্ষক ও সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা নিঃসন্দেহে মর্যাদাহানিকর ও ন্যক্কারজনক। এর আগে অপরাধীরা এ ধরনের অপরাধ করে ছাড় পেয়ে যাওয়ায় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।