তিন বছরেই বোর্ডসেরা আইডিয়াল স্কুল

এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার তিন বছরের মধ্যেই ঈর্ষণীয় সাফল্য পেয়েছে রংপুরের মিঠাপুকুরের আইডিয়াল পাবলিক স্কুল। দিনাজপুর বোর্ডে সেরা-২০-এর তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, মিঠাপুকুর উপজেলা শহরে ২০০৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর তিন বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৩ সালে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ও ২০১৪ সালে ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এ বছর তারা সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সপ্তম স্থান অধিকার করে নিল।
এবার জিপিএ-৫ পাওয়া কয়েকজন কৃতী শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে। এদের মধ্যে দিগন্ত মজুমদার বলে, ‘উপজেলায় আমাদের স্কুল বোর্ডের মধ্যে ভালো ফল করায় অনেক আনন্দ লাগছে।’ জিপিএ-৫ পাওয়া আরেক কৃতী শিক্ষার্থী নূর হাসান বলে, ‘এখানকার স্যাররা পড়ার ব্যাপারে খুবই নজর নিয়েছেন। স্যারদের সহযোগিতায় আমাদের ফল ভালো হয়েছে।’ নূর-ই জান্নাত বলে, ‘শুধু শহর নয়, গ্রাম থেকেও ভালো ফল করা সম্ভব; যার উদাহরণ আমাদের স্কুল।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘২০০৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে। প্রতিষ্ঠার পর ২০১৩ ও ২০১৪ সালে দুবার এসএসসি পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। ওই দুই বছর জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যাও সন্তোষজনক ছিল। কিন্তু এবার বোর্ডে সপ্তম স্থান অর্জন করায় আমরা খুবই আনন্দিত।’ ভবিষ্যতে আরও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ জন শিক্ষক রয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. সেলিম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিয়মিত মডেল টেস্ট নেওয়া হয়। সেই সঙ্গে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই নিয়ে পাঠদান করা হয়।