তিন বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির স্থানীয় নেতা সানাউল্লাহ নূরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। ২০১০ সালের এই দিনে উপজেলার বনপাড়া বাজারে বিএনপির সমাবেশ চলাকালে কয়েক শ মানুষের উপস্থিতিতে সন্ত্রাসীরা তাঁকে প্রকাশ্যে হত্যা করে। এই হত্যা মামলার অভিযোগপত্র তিন বছরেও আদালতে জমা দিতে পারেনি পুলিশ।
সাক্ষীরা সময়মতো সাক্ষ্য দিয়ে সহায়তা না করায় তদন্তকাজ শেষ করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে মামলার বাদী অভিযোগ করেছেন, এ মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে কেউ কেউ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের ভয়ে সাক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিতে পারছেন না। প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিওচিত্র পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে। এ-সংক্রান্ত ছবি পত্রিকা ও টেলিভিশনে প্রকাশিত হয়। দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর বড়াইগ্রাম থানায় জেলা আওয়ামী লীগের তৎকালীন তথ্য ও গবেষণা সম্পাদক কে এম জাকির হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
নাটোরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে জানা গেছে, প্রথমে নাটোর গোয়েন্দা পুলিশের এসআই আবদুল হান্নান এ মামলার তদন্তের দায়িত্ব পান। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি আহাম্মদ আলীকে। আড়াই বছরের বেশি সময় ধরে তিনি মামলাটি তদন্ত করছেন। এখন পর্যন্ত তিনি আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেননি। এরই মধ্যে মামলার ২৭ জন আসামির সবাই জামিনে মুক্তি পেয়েছেন।
তদন্ত কর্মকর্তা এএসপি আহাম্মদ আলী বলেন, ‘এটি একটি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ মামলা। বাদী ও তাঁর সাক্ষীরা সময়মতো আমার কাছে সাক্ষ্য-প্রমাণ নিয়ে হাজির না হওয়ায় অভিযোগপত্র তৈরি করা সম্ভব হয়নি।’