তিন বছরেও উন্নতি হয়নি চরের সেই হাসপাতালের!

উন্নতি হয়নি নোয়াখালীর কবিরহাট উপজেলার চর আলগী ২০ শয্যার হাসপাতালের। জনবলের অভাবে ভেতরে থাকা আধুনিক যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। ফলে সাধারণ কয়েকটি রোগের নামমাত্র ওষুধ ও চিকিৎসা ছাড়া অন্য কোনো সেবা পান না এলাকাবাসী।
২০১২ সালের ২৫ জানুয়ারি এ নিয়ে ‘চরে আধুনিক হাসপাতাল নেই সেবা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু হাসপাতালটির সেবা কার্যক্রমের কোনো উন্নতি হয়নি। স্থায়ী হয়নি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি।
অথচ এটিই এখন পর্যন্ত কবিরহাট উপজেলার প্রায় আড়াই লাখ জনসংখ্যার জন্য একমাত্র পূর্ণাঙ্গ হাসপাতাল। ১৪ বছরেও হাসপাতালটির জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত এবং স্বাভাবিক সেবা কার্যক্রম চালু না হওয়াকে মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিতলা বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
গত শনিবার হাসপাতালটি ঘুরে দেখা যায় এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি মেশিনসহ আধুনিক যন্ত্রপাতিগুলো আগের মতোই পড়ে রয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত অস্ত্রোপচারের কক্ষের (ওটি) মূল্যবান যন্ত্রপাতিগুলোর ওপর ধুলাবালির আস্তর পড়ে আছে।
চাকরির নিশ্চয়তা না থাকায় এগুলোর প্রতিও কারোই যেন দায়দায়িত্ব নেই। তবে, কর্মরত চিকিৎসকসহ কয়েকজন কর্মী দক্ষতার প্রশিক্ষণ নিয়ে নামমাত্র চালু রেখেছেন প্যাথলজি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন। যার মাধ্যমে কিছু রোগী রোগ নিরূপণের সুযোগ পাচ্ছেন।
পুরুষ ওয়ার্ডের রোগী নুরুল হক বলেন, হাসপাতালটির পরিবেশ ভালো। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। চিকিৎসক, নার্স নিয়োগ দেওয়া হলে চরাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য ৩০ কিলোমিটার দূরে জেলা শহরে যেতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালে সৌদি সরকারের আর্থিক অনুদানে ঘোষবাগ ইউনিয়নের চর আলগী বাজারের পাশে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। উন্নয়ন খাতে হতে জনবল নিয়োগ দিয়ে ২০০১ সালের মার্চ মাসে সেবা কার্যক্রম চালু করা হয়।
প্রধান সহকারী আবদুর রহিম বলেন, ৩২ জন কর্মকর্তা-কর্মচারীর ১১ জন চাকরি ছেড়ে চলে গেছেন। বর্তমানে তিনিসহ ২১ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কিন্তু গত জুলাই মাসে ১০ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। অবশ্য তাঁরাও এখনো বেতন-ভাতা পাননি।
ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা স্বপন দাস বলেন, বর্তমানে কাগজপত্রে তিনজন চিকিৎসক কর্মরত। এর মধ্যে আরএমও মিজানুর রহমান হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মেডিকেল অফিসার নূরনবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে কাজ করছেন। তিনি যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন।
সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জনবলের অভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ ১৪ বছর ধরে চাকরি করেও চাকরির নিশ্চয়তা পাননি কর্মরতরা। এটি একটি বড় সমস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কাজ হয়েও হচ্ছে না।